
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। রোববার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে আয়োজিত ব্রিফিংয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জুলাই সনদ এবং রাষ্ট্রসংস্কারের বিষয়ে বিএনপি অনীহা প্রকাশ করায় এবং পূর্বতন সরকারের মতোই পথ চলায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
নাহিদ ইসলাম আরও বলেন, প্রত্যাশা ছিল যে রাষ্ট্রপতি নির্বাচনটি জুলাই সনদের ভিত্তিতে সংস্কারের মাধ্যমে সম্পন্ন হবে, তবে বিএনপি এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। তিনি যোগ করেন যে, বিএনপি সংস্কারের পথে চললে ক্ষমতাসীন ও বিরোধী দল মিলে রাষ্ট্রপতি পদে ঐক্যবদ্ধভাবে একক প্রার্থী দেওয়া সম্ভব হতো। কিন্তু সেই সুযোগ না থাকায় ১১-দলীয় ঐক্য এখন আলাদাভাবে প্রার্থী দেওয়ার পথে হাঁটছে।
নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। সেই অনুযায়ী মনোনয়নপত্র বিক্রি চলছে এবং আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এরপর যাচাই-বাছাই শেষে ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা ভোট দেবেন এবং প্রার্থী হওয়ার ক্ষেত্রে একজন সংসদ সদস্যের সমর্থন ও প্রস্তাবনার প্রয়োজন রয়েছে।
আপনার মতামত লিখুন :