Facebook Twitter Instagram YouTube

ঢাকায় আসছেন আতিফ আসলাম, শুরু হয়েছে টিকিট বিক্রি


প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ৯:১৭ পূর্বাহ্ণ /
ঢাকায় আসছেন আতিফ আসলাম, শুরু হয়েছে টিকিট বিক্রি

জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম আগামী ২৪ জুলাই রাজধানী ঢাকায় একটি কনসার্টে অংশ নিতে আসছেন। ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের এই আয়োজনটি করছে মেইন স্টেজ। কনসার্টে আতিফ আসলামের পাশাপাশি জনপ্রিয় দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ পারফর্ম করবে। অনুষ্ঠানটি রাজধানীর ৩০০ ফুট এলাকায় অবস্থিত ক্রিকেটার্স একাডেমিতে অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে গেটমাই টিকিট ওয়েবসাইটে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শ্রোতারা তিনটি ক্যাটাগরিতে টিকিট সংগ্রহ করতে পারবেন। এর মধ্যে ‘দূরি এরিয়া’র টিকিটের মূল্য ২ হাজার ৯৯৯ টাকা, ‘আদাত এরিয়া’র ৫ হাজার ৯৯৯ টাকা এবং ‘পেহলি নজর এরিয়া’র টিকিটের দাম ১০ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। কনসার্টের দিন দুপুর ২টায় প্রবেশদ্বার উন্মুক্ত করা হবে এবং সন্ধ্যা ৬টায় তা বন্ধ করে দেওয়া হবে। মূল অনুষ্ঠান বিকেল ৫টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে।

এর আগে গত বছরের ১৩ ডিসেম্বর এই কনসার্টটি আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। তখন সব প্রস্তুতি সম্পন্ন করে টিকিট বিক্রি শুরু হলেও, শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়। আয়োজকরা তখন জানিয়েছিলেন, কনসার্টটি বাতিল হয়নি এবং উপযুক্ত সময়ে নতুন তারিখে আয়োজন করা হবে।

স্থগিত হওয়া কনসার্টের টিকিটধারীদের বিষয়ে আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, যারা আগের কনসার্টের টিকিট কিনেছিলেন কিন্তু রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন নেই। আর যারা রিফান্ড চেয়েছিলেন কিন্তু এখনো অর্থ ফেরত পাননি, তারা চাইলে রিফান্ড আবেদন প্রত্যাহার করে আগের টিকিট পুনরায় সক্রিয় করার আবেদন করতে পারবেন। মেইন স্টেজের পক্ষ থেকে কাজী রাফসান বলেন, তারা চলতি বছরের সবচেয়ে বড় আয়োজনের দ্বারপ্রান্তে রয়েছেন এবং শিল্পী, দর্শক ও পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।