Facebook Twitter Instagram YouTube

ভেনিস উৎসবে আজমেরী হক বাঁধনের সিনেমা দ্য ডিফিকাল্ট ব্রাইড


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৯:০১ পূর্বাহ্ণ /
ভেনিস উৎসবে আজমেরী হক বাঁধনের সিনেমা দ্য ডিফিকাল্ট ব্রাইড

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এক নতুন মাইলফলক স্থাপন করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নির্মাতা রুবাইয়াত হোসেনের নতুন চলচ্চিত্র 'দ্য ডিফিকাল্ট ব্রাইড' বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরের অরিজোন্তি কমপিটিশন বিভাগে নির্বাচিত হয়েছে। এটি বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা এই উৎসবের প্রতিযোগিতা বিভাগে স্থান করে নেওয়ার গৌরব অর্জন করেছে। আগামী ২ সেপ্টেম্বর উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

দীর্ঘ দুই দশকের প্রস্তুতির ফসল এই চলচ্চিত্রটি। ২০০৬ সালে স্বল্পদৈর্ঘ্য হিসেবে গল্পটি নির্মাণের পরিকল্পনা থাকলেও পরবর্তীতে রুবাইয়াত হোসেন এটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দেন। চিত্রনাট্যটি বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে সমাদৃত হওয়ার পাশাপাশি একাধিক আন্তর্জাতিক ফান্ডও লাভ করেছে। সিনেমার গল্পে উঠে এসেছে এক তরুণীর জীবনসংগ্রাম, যে রূপকথার মতো বিয়ের স্বপ্ন দেখলেও এক জটিল রোগে আক্রান্ত। সুস্থতার জন্য ঘরোয়া উপায় অবলম্বন করে ব্যর্থ হওয়ায় তার মানসিক অস্থিরতা বাড়তে থাকে। একপর্যায়ে একটি বিউটি পার্লারে গিয়ে সে কল্পনায় লম্বা চুলের এক রহস্যময় নারীকে দেখতে শুরু করে।

চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নবাগত জাইনীন করিম। এছাড়া গুরুত্বপূর্ণ তিনটি চরিত্রে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু এবং সুনেরাহ বিনতে কামাল। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী। পর্তুগিজ নির্মাতা লিওনর টেলস ছবিটির চিত্রগ্রহণের দায়িত্ব পালন করেছেন। এছাড়া ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের প্রযোজকরা রুবাইয়াত হোসেনের সঙ্গে যৌথভাবে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন।

ভেনিস উৎসবে নিজের অভিনীত সিনেমা নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন আজমেরী হক বাঁধন। নির্মাতা রুবাইয়াত হোসেন বলেন, দেশের সিনেমা দিয়ে ভেনিসে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য অনেক সম্মানের এবং এটি আমার স্বপ্নপূরণের গল্প। তিনি আরও জানান, দেশের সিনেমাকে আরও ভালো অবস্থানে নিয়ে যাওয়াই তার লক্ষ্য।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh