Facebook Twitter Instagram YouTube

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ ক্রিকেট দল


প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ /
১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ ক্রিকেট দল

দীর্ঘ ১৭ বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি অনুযায়ী, লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হবে টাইগাররা। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বৃহস্পতিবার (২৩ জুলাই) এই সফরের সূচি ঘোষণা করেছে।

ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত লর্ডসে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি। এর আগে সর্বশেষ ২০১০ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করেছিল বাংলাদেশ। এরপর এই প্রথম ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার সুযোগ পাচ্ছে টাইগাররা।

এই সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গুল্ড বলেন, বাংলাদেশ পুরুষ দলকে লর্ডসে একটি টেস্ট এবং বাংলাদেশ নারী দলকে সাদা বলের সিরিজে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ২০১০ সালের পর এই প্রথম নিজেদের মাটিতে টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড।

পুরুষ দলের পাশাপাশি ২০২৭ সালে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী দলও। তারা সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।

পুরুষ দলের সূচি: ইংল্যান্ড বনাম বাংলাদেশ, ২৮ মে থেকে ১ জুন, একমাত্র টেস্ট, লর্ডস, লন্ডন।

নারী দলের টি-টোয়েন্টি সিরিজ: ৮ সেপ্টেম্বর প্রথম টি-টোয়েন্টি (নর্থ্যাম্পটন), ১০ সেপ্টেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টি (টনটন), ১২ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি (উরচেস্টার)।

নারী দলের ওয়ানডে সিরিজ: ১৭ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে (হোভ), ২১ সেপ্টেম্বর দ্বিতীয় ওয়ানডে (ক্যান্টারবুরি), ২৪ সেপ্টেম্বর তৃতীয় ওয়ানডে (চেমসফোর্ড)।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin