Facebook Twitter Instagram YouTube

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি: হুইপ দুলু


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ণ /
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি: হুইপ দুলু

দেশের ৬৮ হাজার গ্রামের উন্নয়নই বাংলাদেশের প্রকৃত উন্নয়ন বলে মন্তব্য করেছেন নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি জানিয়েছেন, গ্রামীণ জনপদের অবকাঠামোগত উন্নয়নে বিএনপি সরকার সর্বোচ্চ গুরুত্ব প্রদান করবে। শুক্রবার বিকেলে সদর উপজেলার হালসা উচ্চ বিদ্যালয় মাঠে ৪ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে একটি সাইক্লোন সেন্টার নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি দুলু বলেন, দেশের বন্যাপ্রবণ ও দুর্যোগকবলিত এলাকাগুলোতে প্রয়োজন অনুযায়ী আশ্রয়ণ প্রকল্প, সাইক্লোন সেন্টার, সড়ক, সেতু এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, বিএনপি হিংসা-বিদ্বেষের রাজনীতিতে বিশ্বাস করে না এবং সবাইকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন করাই তাদের লক্ষ্য।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে হুইপ দুলু বলেন, দুই বছর আগে এই জুলাই মাসেই ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন ঘটে। তবে সেই সরকারের সহযোগীরা এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন থেকে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দীন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ এইচ তালুকদার ডালিম এবং হালসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh