Facebook Twitter Instagram YouTube

চীনের উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বাভি’


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ /
চীনের উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বাভি’

প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বাভি’ শনিবার গভীর রাতে পূর্ব চীনের উপকূলীয় শহর তাইঝৌতে আঘাত হেনেছে। চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১১টা ২০ মিনিটে ঝড়টি যখন আঘাত হানে, তখন এর সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৪৪ কিলোমিটার। সাফির-সিম্পসন স্কেলে এটি প্রথম শ্রেণির হারিকেনের সমতুল্য।

ঝড়টি চীনের মূল ভূখণ্ডে পৌঁছানোর আগেই প্রশাসন ব্যাপক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করে। এর অংশ হিসেবে উপদ্রুত এলাকাগুলো থেকে বিপুলসংখ্যক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুধু তাইঝৌ এলাকা থেকেই প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা হয়েছে। এছাড়া ঝেজিয়াং ও ফুজিয়ান প্রদেশসহ বেইজিং ও সাংহাই থেকেও কয়েক লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে ঝড়টির গতি কিছুটা কমলেও এর বিশাল মেঘমালার কারণে ব্যাপক বৃষ্টির আশঙ্কা রয়েছে।

চীনের আগে এই ঘূর্ণিঝড়টি জাপানের দক্ষিণের সাকিশিমা দ্বীপপুঞ্জ এবং উত্তর তাইওয়ানের পাশ দিয়ে অতিক্রম করে। তাইওয়ানে সরাসরি আঘাত না লাগলেও প্রবল বাতাসের কারণে ১১৩ জন আহত হয়েছেন। নিরাপত্তার স্বার্থে দেশটিতে ৯২০টি আন্তর্জাতিক এবং ২৮২টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়। পাশাপাশি সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছিল। এখন পর্যন্ত জাপান ও তাইওয়ানে এই ঝড়ে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে তীব্র হয়ে ওঠা দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে ফিলিপাইনে ভারী বৃষ্টি ও বন্যায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চীন ও তাইওয়ানের উপকূলীয় এলাকাগুলোতে এখনও সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh