Facebook Twitter Instagram YouTube

চট্টগ্রামে পৃথক পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু


প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ /
চট্টগ্রামে পৃথক পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রাম নগর ও পার্শ্ববর্তী সীতাকুণ্ড উপজেলায় ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট পৃথক পাহাড়ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সকালে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড়ের মাটি ধসে ১০ মাস বয়সী মো. আশরাফুল ইসলাম তানভীর নামের এক শিশু নিহত হয়। সে স্থানীয় বাসিন্দা মহিন উদ্দীনের সন্তান। টানা বর্ষণে পাহাড়ের একটি অংশ ভেঙে পড়লে শিশুটি মাটিচাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার জানান, বৃষ্টির কারণে পাহাড়ধসের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। তিনি ঝুঁকিপূর্ণ অবস্থায় পাহাড়ের পাদদেশে বসবাসরত সকলকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে, একইদিন দুপুরে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন চশমা পাহাড় এলাকায় পাহাড়ধসের আরেকটি ঘটনা ঘটে। এতে ১২ বছর বয়সী সুমাইয়া নামে এক শিশু মাটিচাপা পড়ে মারা যায়। সে ওই এলাকার ফারুক হোসেনের মেয়ে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহ ইমরান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। দুর্ঘটনার সময় সুমাইয়ার বাবা-মা ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও পাশের কক্ষে থাকা সুমাইয়া আটকা পড়ে। পরে মাটিচাপা পড়া অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin