Facebook Twitter Instagram YouTube

কোস্ট গার্ডের নতুন ডিজি হিসেবে দায়িত্ব পেলেন রিয়ার অ্যাডমিরাল মঈনুল


প্রকাশের সময় : আগস্ট ১৯, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ /
কোস্ট গার্ডের নতুন ডিজি হিসেবে দায়িত্ব পেলেন রিয়ার অ্যাডমিরাল মঈনুল

বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। তাকে প্রেষণে নিয়োগ প্রদানের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে উপপরিচালক মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পরিবর্তনের বিষয়টি জানানো হয়।

একই প্রজ্ঞাপনে কোস্ট গার্ডের বিদায়ী মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে বাংলাদেশ নৌবাহিনীতে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এই প্রশাসনিক আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin