
বিএনপি নেতৃত্বাধীন সরকারের ছয় মাস বা ১৮০ দিন পূর্তি উপলক্ষে পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনে ৬৬ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতা সন্তুষ্টি প্রকাশ করেছেন। ডপলার অপিনিয়ন রিসার্চের ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’ শীর্ষক এই জরিপের ফলাফল বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিডা ভবনের মাল্টিপারপাস হলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। জরিপটিতে বয়স, লিঙ্গ, শিক্ষা ও আয় নির্বিশেষে সব শ্রেণিতেই প্রধানমন্ত্রীর কাজের মূল্যায়নে প্রায় অভিন্ন চিত্র পাওয়া গেছে। এমনকি নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যেও ৫২ দশমিক ৫০ শতাংশ, জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে ৬৫ দশমিক ৫০ শতাংশ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থকদের মধ্যে ৬৫ দশমিক ৮০ শতাংশ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট।
সরকারের সামগ্রিক কর্মতৎপরতা সম্পর্কে প্রশ্ন করা হলে ৫৪ দশমিক ৫০ শতাংশ মানুষ জানিয়েছেন সরকার ভালোভাবে দায়িত্ব পালন করছে, যেখানে ৩২ দশমিক ৯০ শতাংশ মানুষ এর বিপরীত মত দিয়েছেন। দেশ সঠিক পথে আছে কি না এমন প্রশ্নের জবাবে ৪৮ দশমিক ৬০ শতাংশ মানুষ ইতিবাচক মত দিয়েছেন, আর ৩৫ দশমিক ৬০ শতাংশ মানুষ মনে করছেন দেশ ভুল পথে যাচ্ছে। দেশের সামগ্রিক পথচলা নিয়ে বিএনপির সমর্থকদের মধ্যে ৬৫ দশমিক ৫০ শতাংশ, জামায়াত সমর্থকদের ৪৪ শতাংশ এবং এনসিপি সমর্থকদের ৫৫ দশমিক ২০ শতাংশ ইতিবাচক মত দিয়েছেন। তবে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে এই হার সর্বনিম্ন, মাত্র ৩৪ দশমিক ৪০ শতাংশ।
জরিপটি পরিচালনার জন্য গবেষণাপ্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিংয়ের পূর্ববর্তী ১০ হাজার ৪১৩ জন অংশগ্রহণকারীর মধ্য থেকে ৩ হাজার ৪৪৩ জনের সাথে টেলিফোনে যোগাযোগ করা হয়। এই নমুনায় দেশের ৬৪টি জেলার ৪৮৯টি ওয়ার্ড ও গ্রামের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। জরিপে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানের ভূমিকা সম্পর্কে ৪৭ দশমিক ৭০ শতাংশ এবং বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ভূমিকা সম্পর্কে ৩৯ দশমিক ৮০ শতাংশ মানুষ ইতিবাচক মত দিয়েছেন। তবে শফিকুর রহমান সম্পর্কে ৩২ দশমিক ১০ শতাংশ এবং নাহিদ ইসলাম সম্পর্কে ৩৭ দশমিক ২০ শতাংশ মানুষ তাদের সম্পর্কে যথেষ্ট তথ্য জানা নেই বলে উল্লেখ করেছেন।
দেশের প্রধান সমস্যা হিসেবে ৫৯ দশমিক ৫ শতাংশ বিদ্যুৎ ও জ্বালানি এবং ৫৯ দশমিক ১০ শতাংশ নিত্যপণ্যের উচ্চমূল্যকে চিহ্নিত করেছেন। বিদ্যুৎ ব্যবস্থাপনাকে ৮৯ দশমিক ৪০ শতাংশ, জ্বালানি ও গ্যাস ব্যবস্থাপনাকে ৭৯ দশমিক ৬০ শতাংশ এবং নিত্যপণ্যের মূল্য পরিস্থিতিকে ৬৯ দশমিক ১০ শতাংশ উত্তরদাতা খারাপ বলে অভিহিত করেছেন। এছাড়া ৪৬ দশমিক ৫০ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন তাদের পরিবারের আর্থিক অবস্থা এক বছর আগের তুলনায় খারাপ হয়েছে। তবে আগামী ১২ মাসে পরিস্থিতির উন্নতির আশা করছেন ৩৮ দশমিক ১০ শতাংশ মানুষ।
নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে জরিপের তথ্য অনুযায়ী, ৬৭ দশমিক ৫০ শতাংশ মানুষ নিজেদের এলাকায় অন্ধকারে একা হাঁটতে নিরাপদ বোধ করেন। এছাড়া ৯৫ দশমিক ২০ শতাংশ মানুষ ধর্ম পালনে নিজেদের নিরাপদ মনে করেন। সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্পকে ৭৮ দশমিক ৬০ শতাংশ এবং করনীতিকে ৭০ দশমিক ৭০ শতাংশ মানুষ সমর্থন জানিয়েছেন। পাশাপাশি ৭০ শতাংশ উত্তরদাতা মনে করেন গণভোটের রায় সরকারের বাস্তবায়ন করা উচিত। এছাড়া এলাকার সংসদ সদস্যের কাছে গেলে সমস্যা শোনার বিষয়ে ৫০ দশমিক ৯০ শতাংশ মানুষ ইতিবাচক অভিজ্ঞতা জানিয়েছেন। জরিপের ফল নিয়ে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহানসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি প্যানেল আলোচনায় অংশ নেন।
গবেষণাপ্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিংয়ের ধারাবাহিকতায় জন্ম নেওয়া এই প্রতিষ্ঠান জরিপের জন্য ২০২৫ সালের সেপ্টেম্বরে ইনোভিশনের এক জরিপে অংশ নেওয়া ১০ হাজার ৪১৩ জনের সঙ্গে সম্প্রতি টেলিফোনে যোগাযোগ করেছিল।
আপনার মতামত লিখুন :