Facebook Twitter Instagram YouTube

বরগুনার তালতলীতে বিএনপির সভা ঘিরে উত্তেজনা, অস্ত্রসহ আটক ৫


প্রকাশের সময় : আগস্ট ১৯, ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ /
বরগুনার তালতলীতে বিএনপির সভা ঘিরে উত্তেজনা, অস্ত্রসহ আটক ৫

বরগুনার তালতলীতে উপজেলা বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে গত দুইদিন ধরে শহরে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করেছে। বুধবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার গাবতলী এলাকা থেকে বিদেশী অস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ ৫ জনকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলেন তালতলীর আঙ্গারপাড়ার লিমন সিকদার (২৮), কলাপাড়ার চাকামইয়া এলাকার অনিক মজুমদার (২৫), বরগুনার কেওরাবুনিয়ার মোঃ জামাল (২৭) ও হৃদয় মোল্লা (২৪) এবং নরাইল জেলার লোহাগড়ার জিহাদ খান (৩৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লাকে নিয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের দেয়া বক্তব্যকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে নজরুল ইসলাম মোল্লার অনুসারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম মামুন এবং মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের গ্রুপ বুধবার পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়।

এই উত্তেজনার প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও পুলিশ উভয় গ্রুপকে সভা-সমাবেশ স্থগিত করার নির্দেশ দেয়। এছাড়া বুধবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম মামুনের চাচাতো ভাই আল আমিনের বসতবাড়ি থেকে একটি এয়ারগান উদ্ধার করে।

এ বিষয়ে মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিযোগ করেন, জেলা বিএনপির মদদে একটি অংশ তাকে ও তার লোকজনদের হুমকি দিচ্ছে এবং সমাবেশে হামলার জন্য বহিরাগতদের ভাড়া করে আনা হয়েছে। অন্যদিকে মাহবুবুল আলম মামুন জানান, প্রশাসনের নির্দেশে সমাবেশ বন্ধ করা হয়েছে এবং অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি অবগত নন।

তালতলী থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ পাঁচজনকে আটক করা হয়েছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে। তালতলী থানার ওসি সাইদুল ইসলাম নিশ্চিত করেছেন যে দুটি পৃথক স্থান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে এবং যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার জানান, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উভয় গ্রুপকে সভা-সমাবেশ বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh