
ফিফা বিশ্বকাপের আর্জেন্টিনা–স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে আজ রোববার রাতে ঢাকায় বিশেষ স্ক্রিনিং ও কনসার্টের আয়োজন করা হয়েছে। এই বিশেষ আয়োজনে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং সংগীতশিল্পী প্রীতম হাসান।
সঞ্জয় দেব এর আগে কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে মঞ্চে পারফর্ম করে ব্যাপক পরিচিতি পান। এরপর তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আয়োজিত একাধিক ফ্যান ফেস্টে অংশ নিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি ঢাকার মঞ্চে ফিরছেন। ঢাকায় পৌঁছে অনুষ্ঠানস্থল পরিদর্শন করে সঞ্জয় নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘ফিফা বিশ্বকাপ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের বাইরে আরও বেশ কয়েকটি মঞ্চে গেয়েছি। এবার ঢাকায় গাইতে এলাম, যেখান থেকে আমার গল্পের শুরু হয়েছিল। এই কনসার্ট নিয়ে আমি খুবই এক্সাইটেড।’ ঢাকার এই আয়োজনে সঞ্জয়ের পাশাপাশি ডিজে তৃষা ও ডিজে রিশাদও পারফর্ম করবেন। অনুষ্ঠান শেষে সঞ্জয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে আরেকটি কনসার্টে অংশ নিতে উড়াল দেবেন।
অন্যদিকে, রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ফাইনাল কিকঅফ’ নামে আরও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে বড় পর্দায় ফাইনাল ম্যাচ দেখার পাশাপাশি দর্শকদের জন্য রয়েছে জমজমাট কনসার্ট। এই মঞ্চে সংগীত পরিবেশন করবেন প্রীতম হাসান। তাঁর সঙ্গে মঞ্চে উপস্থিত থাকবেন ফিরোজ জং, দ্য ব্রাউন টেস্টামেন্ট ও জেসিয়া ইসলাম। এই আয়োজনটি ১৯ জুলাই রাত থেকে শুরু হয়ে ২০ জুলাই সকাল পর্যন্ত চলবে।
আপনার মতামত লিখুন :