
ফুটবলারদের চুলের স্টাইলে একসময় দাপট ছিল ঝাঁকড়া চুলের। আশির দশক থেকে শুরু করে দুই হাজার সাল পর্যন্ত কার্লোস ভালদেরামো, ডেভিড বেকহ্যাম, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও রোনালদিনহোর মতো তারকারা এই ট্রেন্ড ধরে রেখেছিলেন। বর্তমানে ফুটবলারদের মাঝে ফেড কাট জনপ্রিয় হলেও, মার্ক কুকুরেয়া, মাতেও গুয়েন্ডোজি এবং বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরীর মতো কয়েকজন ব্যতিক্রমী খেলোয়াড় এখনো লম্বা চুল ধরে রেখেছেন। তবে স্পেনের ২৮ বছর বয়সি ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার লম্বা চুল রাখার পেছনে রয়েছে এক হৃদয়বিদারক গল্প।
কুকুরেয়ার তিন সন্তান—মাতেও, রিও ও বেলা। এর মধ্যে বড় ছেলে মাতেও অটিজমে আক্রান্ত। মাত্র তিন বছর বয়সেই তার এই সমস্যা ধরা পড়ে। কুকুরেয়া জানান, মাতেও তার লম্বা চুল খুব পছন্দ করে। সন্তানের প্রতি গভীর ভালোবাসার জায়গা থেকেই তিনি চুল কাটেন না। তার মনে এক ধরণের ভয় কাজ করে, যদি কখনো মাতেও তাকে ভুলে যায়, তবে লম্বা চুল দেখে যেন ছেলে তাকে চিনতে পারে।
নিজের চুল এবং ছেলের চুলের মিলের কথা উল্লেখ করে বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার আবেগাপ্লুত হয়ে বলেন, আমার বিশেষ চাহিদা সম্পন্ন এক ছেলে আছে। টাকা-পয়সার চেয়েও বড় কথা আমার ছেলে যদি সুস্থ থাকত তবে আমি বেশি খুশি হতাম। আমি চুল বড় রেখেছি কারণ আমার ছেলে এটি পছন্দ করে।
আপনার মতামত লিখুন :