Facebook Twitter Instagram YouTube

দেশে ডলারের দাম বাড়ল, এলসি খোলার চাপ ও রেমিট্যান্সের প্রভাব


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ /
দেশে ডলারের দাম বাড়ল, এলসি খোলার চাপ ও রেমিট্যান্সের প্রভাব

বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলারের চাহিদা ও এলসি খোলার চাপ বাড়ায় দেশে ডলারের দাম বৃদ্ধি পেয়েছে। বাড়তি ডলারের জোগান নিশ্চিত করতে ব্যাংকগুলো নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে রেমিট্যান্সের ডলার সংগ্রহ করছে।

সোমবার (২৭ জুলাই) ব্যাংকগুলো প্রবাসীদের রেমিট্যান্স কিনেছে ১২৩ টাকা ৮৫ থেকে ৯০ পয়সা দরে। গ্রাহকদের কাছে এই ডলার বিক্রি করা হয়েছে ১২৩ টাকা ৯৫ পয়সা দরে। একই দিন আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম বেড়ে সর্বোচ্চ ১২৩ টাকা ৮২ পয়সায় দাঁড়িয়েছে।

গত সপ্তাহের তুলনায় এই দাম বেশ কিছুটা বেশি। গত সপ্তাহে রেমিট্যান্সের ডলার ১২৩ টাকা ৭৫ পয়সা এবং আন্তঃব্যাংকে ১২৩ টাকা ৬০ পয়সা দরে কেনাবেচা হয়েছিল। গত রোববার ব্যাংকগুলো রেমিট্যান্সের ডলার ১২৩ টাকা ৮৫ পয়সা থেকে ১২৩ টাকা ৯০ পয়সা দরে সংগ্রহ করেছিল।

রপ্তানি আয়ের ক্ষেত্রেও ডলারের দাম বৃদ্ধি পেয়েছে। সোমবার ব্যাংকগুলো এলসির বিপরীতে ডলার ১২৩ টাকা ৯০ পয়সা থেকে ১২৩ টাকা ৯৫ পয়সা দরে বিক্রি করেছে। এদিন ডলারের গড় বিক্রয়মূল্য ছিল ১২৩ টাকা ৯২ পয়সা, যা গত সপ্তাহে ছিল ১২৩ টাকা ৭৫ পয়সা।

ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছেন, উদ্যোক্তা ও সরকারের পক্ষ থেকে এলসি খোলার চাপ বাড়ায় বাজারে ডলারের বাড়তি চাহিদাও তৈরি হয়েছে। এই চাহিদা মেটাতেই ব্যাংকগুলো চড়া দামে ডলার সংগ্রহ করতে বাধ্য হচ্ছে।

এদিকে কেন্দ্রীয় ব্যাংক এই পরিস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছে। তাদের প্রত্যাশা, রেমিট্যান্সের ডলারের দাম বাড়লে প্রবাসীরা আরও বেশি হারে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হবেন, যার ইতিবাচক প্রভাব পড়বে রপ্তানি আয়ের ওপরও।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor