
দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার বেলা ১১টায় দেওয়া ৪৮ ঘণ্টার এই পূর্বাভাসে জানানো হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম বিভাগ বাদে দেশের বাকি সাতটি বিভাগে অনেক জায়গায় মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, মূলত মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে সাগরে নতুন করে আরেকটি মেঘমালা তৈরি হওয়ায় তারও প্রভাব রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার এই সাত বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর বুধবার থেকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও খুলনার মতো দক্ষিণের জেলাগুলোতে বৃষ্টির মাত্রা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামীকাল মঙ্গলবার রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।
ভারী বৃষ্টির ফলে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরির আশঙ্কা রয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকায় এ ধরনের পরিস্থিতি হওয়ার ঝুঁকির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
উল্লেখ্য, চলতি মাসের ৫ তারিখ থেকে দেশের বিভিন্ন এলাকায় দফায় দফায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। টানা এই বর্ষণে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহসহ বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা ও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এছাড়া কয়েকটি জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। পাহাড়ধস ও বন্যার ঘটনায় এ পর্যন্ত দেশে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
আপনার মতামত লিখুন :