
বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজা আজ রোববার (১২ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে জানানো হয়েছে যে, জানাজা শেষে মরহুমের মরদেহ সংসদ প্রাঙ্গণের নির্ধারিত চত্বরে সমাহিত করা হবে। এই তথ্যটি নিশ্চিত করেছেন সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ এর সহকারী পরিচালক রাশেদ মিজান।
সাবেক এই স্পিকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। চিফ হুইপ জানান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের আকস্মিক প্রয়াণে সংসদীয় অঙ্গনসহ রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এছাড়া জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল পৃথক শোক বার্তায় মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি শোক বার্তায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
আপনার মতামত লিখুন :