
বিশ্বকাপের আসন্ন সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের লড়াই নিয়ে ফুটবল বিশ্বে বেশ আলোচনা শুরু হয়েছে। এই ম্যাচ নিয়ে নিজের আত্মবিশ্বাসী মনোভাব প্রকাশ করতে গিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার জো কোল। বুধবার আটলান্টায় নেটফ্লিক্স স্পোর্টসের একটি অনুষ্ঠানে গ্যারি লিনেকার, অ্যালান শিয়েরার ও মাইকা রিচার্ডসের উপস্থিতিতে মেসিকে নিয়ে এই মন্তব্য করেন তিনি।
২০০২, ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে খেলা কোল চ্যালেঞ্জের সুরে বলেন, ‘তাকে ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা তাকে ঘুম পাড়িয়ে দেব। হ্যাঁ, একদম নিশ্চিতভাবে।’ কোলের এই মন্তব্যের পর উপস্থিত অন্যরা তাকে থামানোর চেষ্টা করেন। তাদের আশঙ্কা, এই ধরনের মন্তব্যে তেঁতে গিয়ে মেসি যদি দুর্দান্ত কোনো পারফরম্যান্স উপহার দেন, তবে ইংল্যান্ডের জন্য বিপদ হতে পারে। সে সময় তারা নিজেদের জয় এবং বিশ্বকাপের ফাইনালে যাওয়ার প্রত্যাশার কথা জানান।
রিচার্ডস অবশ্য মনে করেন, আর্জেন্টিনাকে হারানোর জন্য ইংল্যান্ডকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, কারণ তাদের খেলোয়াড়রা যথেষ্ট ধূর্ত এবং জয়ের মানসিকতায় বিশ্বাসী। তবে থমাস টুখেলের দলের গতির ওপর আস্থা রেখে রিচার্ডস বলেন, ‘আর্জেন্টিনার শক্তির বিপরীতে আমাদের গতি অনেক বেশি। আমরাই জিতব। আমি এটা হাড়ের ভেতর অনুভব করছি।’
মেসির বিষয়ে কোলের এই কঠোর মন্তব্য বেশ অবাক করার মতো, কারণ অতীতে বহুবার প্রকাশ্যে মেসির প্রশংসা করেছেন তিনি। এমনকি ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে মেসিকে এগিয়ে রেখে কোল বলেছিলেন, মেসিই একমাত্র খেলোয়াড় যিনি শান্তিতে ঘুমাতে পারেন। আগামী ১৬ জুলাই বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। সেই ম্যাচের আগে খেলোয়াড় ও বিশ্লেষকদের কথার লড়াই যে আরও তীব্র হবে, তা বলাই বাহুল্য।
আপনার মতামত লিখুন :