
চীনের তিব্বত অঞ্চলে ভূমিধসের ফলে নতুন একটি হ্রদ সৃষ্টি হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এবং দেশটির অন্যতম প্রধান বন্দর গিরিওং পোর্ট এখন হুমকির মুখে পড়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে।
সাধারণত নদীর ওপর ভূমিধসের মাটি, পাথর ও অন্যান্য ধ্বংসাবশেষ জমে প্রাকৃতিকভাবে বাঁধ তৈরি হলে তার পেছনে যে পানি আটকে থাকে, তাকেই ব্যারিয়ার লেক বলা হয়। এর আগে ওই এলাকায় আকস্মিক বন্যার পর একটি ব্যারিয়ার লেক তৈরি হয়েছিল, যা নিয়ে উদ্বেগ থাকলেও পরবর্তীতে হ্রদটি স্বাভাবিকভাবেই পানি হারাচ্ছিল।
শনিবার একটি পর্যবেক্ষণ ড্রোন নদীর নিচের দিকে নতুন একটি ভূমিধস শনাক্ত করে। এই ভূমিধসের ধ্বংসাবশেষ নদীর প্রবাহ আটকে দিয়ে নতুন একটি বাধা তৈরি করেছে, যার পেছনেই এই নতুন ব্যারিয়ার লেকটির সৃষ্টি হয়েছে। সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, নতুন এই ভূমিধসটি প্রকপিউ জিয়াং জাঙবু নদীতে আগের ব্যারিয়ার লেক থেকে প্রায় ২.৮ কিলোমিটার ভাটিতে ঘটেছে।
পরিস্থিতি মোকাবিলায় চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় দ্রুত বিশেষজ্ঞদের একটি দলকে ঘটনাস্থলে পাঠিয়েছে। একই সঙ্গে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় গিরিওং পোর্ট এলাকার কাছাকাছি অবস্থান করা উদ্ধারকর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। চীনা কর্তৃপক্ষ বর্তমানে নতুন এই হ্রদের কারণে নদীর পানি প্রবাহে কী ধরনের প্রভাব পড়বে এবং আবারও আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হবে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
আপনার মতামত লিখুন :