
বিশ্বের অন্যতম প্রাণবন্ত শহর লন্ডনের ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য প্রতীক টাওয়ার ব্রিজ। ভিক্টোরিয়ান যুগের প্রকৌশলবিদ্যার এই অসামান্য নিদর্শনটি কেবল একটি পর্যটন কেন্দ্রই নয়, বরং এটি লন্ডনের প্রযুক্তি ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়ে আছে। টেমস নদীর উপর শত বছর ধরে স্বগৌরবে দাঁড়িয়ে থাকা এই ব্রিজটি ইংল্যান্ডের ইতিহাসের এক টুকরো সৌন্দর্য বহন করছে। মূলত পূর্ব লন্ডনের সঙ্গে শহরের যোগাযোগ সহজ করা এবং জাহাজ চলাচলের পথ সুগম রাখার উদ্দেশ্যে এটি নির্মাণ করা হয়েছিল। রাজা সপ্তম এডওয়ার্ড লন্ডনের প্রকৌশল নৈপুণ্য ও ঐতিহ্যের প্রতীক হিসেবে এর উদ্বোধন করেছিলেন।
টাওয়ার ব্রিজের নির্মাণশৈলী বিশ্বজুড়ে বিস্ময় সৃষ্টি করেছে। এর নকশা ও নির্মাণের মূল কারিগর ছিলেন স্থপতি হোরেস জোন্স এবং প্রকৌশলী জন উলফ ব্যারি। ১৮৭৬ সালে কাজ শুরু হওয়ার পর ১৮৯৪ সালে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। প্রায় ১৪০ বছর আগে কয়েকশ শ্রমিকের আট বছরের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা এই স্থাপনার দৈর্ঘ্য ২৪৪ মিটার এবং প্রস্থ ৩২ মিটার। সে সময় এটি নির্মাণে ব্যয় হয়েছিল ১১ লাখ ৮৪ হাজার পাউন্ড। টাওয়ার অব লন্ডনের স্থাপত্যের সঙ্গে মিল রেখে এর নামকরণ করা হয়েছে।
পর্যটকদের জন্য টাওয়ার ব্রিজ এক দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতার নাম। ব্রিজের দুই পাশে রয়েছে সুউচ্চ দুটি টাওয়ার এবং এর উপরে রয়েছে উঁচু ওয়াকওয়ে, যেখান থেকে পুরো লন্ডনের প্যানোরামিক দৃশ্য দেখা যায়। বিশেষ করে ৪২ মিটার উচ্চতায় থাকা স্বচ্ছ গ্লাস-ফ্লোরে হাঁটার অভিজ্ঞতা দর্শনার্থীদের জন্য অত্যন্ত আনন্দদায়ক। কাচের মেঝেতে দাঁড়িয়ে নিচে টেমস নদী ও চলমান নৌযান দেখার সুযোগ পর্যটকদের মুগ্ধ করে। এছাড়া ব্রিজের ভেতরে একটি জাদুঘর রয়েছে, যেখানে সেতুটির ইতিহাস ও ইঞ্জিন রুমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত আছে।
ব্রিজটির আরেকটি আকর্ষণ হলো এর ওঠানামা করার দৃশ্য। আগে বাষ্প ইঞ্জিন দ্বারা পরিচালিত হলেও ১৯৭৬ সাল থেকে এটি হাইড্রোলিক ও বৈদ্যুতিক শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে। বড় জাহাজ বা স্টিমার পারাপারের সময় ব্রিজটি দুই ভাগে বিভক্ত হয়ে উপরের দিকে উঠে যায়, যা দেখার জন্য পর্যটকরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন। সন্ধ্যার রঙিন আলোয় আলোকিত টাওয়ার ব্রিজ টেমস নদীর বুকে এক জাদুকরী প্রতিচ্ছবি তৈরি করে। এখান থেকে একদিকে দ্য শার্ড এবং অন্যদিকে লন্ডন আই ও বিগ বেনের মতো আইকনিক স্থাপনাগুলোর অপরূপ দৃশ্য উপভোগ করা যায়।
আপনার মতামত লিখুন :