
গোপালগঞ্জে আদালত চলাকালীন বিচারকের ছুড়ে দেওয়া একটি কাঁচের পেপারওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামে এক শিক্ষানবিশ নারী আইনজীবী গুরুতর আহত হয়েছেন। বুধবার গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। আহত অবস্থায় ওই আইনজীবীকে উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিচারক মো. সুজন মিয়ার আদালত চলাকালীন সময়ে আদালতকক্ষের পেছনের বেঞ্চে কয়েকজন আইনজীবী নিজেদের মধ্যে কথা বলছিলেন। এ সময় বিচারক আইনজীবীদের লক্ষ্য করে একটি কাঁচের পেপারওয়েট ছুড়ে মারেন বলে অভিযোগ উঠেছে। পেপারওয়েটটি সরাসরি সাবিহা সুলতানার মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়।
এই ঘটনায় জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান বিচারকের এমন আচরণকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন। এছাড়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জিপি অ্যাডভোকেট এম এ আলম সেলিম এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
এদিকে, এই বিষয়ে বক্তব্য জানার জন্য বিচারক মো. সুজন মিয়ার সঙ্গে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আপনার মতামত লিখুন :