Facebook Twitter Instagram YouTube

ফাইনালে মেসির ‘সব ভুলে যাও’ ভাষণের রহস্য ভাঙলেন ম্যাক আলিস্টার


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ /
ফাইনালে মেসির ‘সব ভুলে যাও’ ভাষণের রহস্য ভাঙলেন ম্যাক আলিস্টার

বিশ্বকাপ ফাইনালের ঠিক আগে ড্রেসিংরুমে সতীর্থদের উদ্দেশে লিওনেল মেসির দেওয়া একটি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে গত দুই দিন ধরে আর্জেন্টিনা সমর্থকদের মাঝে ব্যাপক আলোচনা ও জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মেসিকে বলতে শোনা যায়, ‘সবকিছু ভুলে যাও।’ এই মন্তব্য দেখে অনেকে ধারণা করেছিলেন, ফাইনালের আগে হয়তো দলের অভ্যন্তরে কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল বা বাইরে থেকে কোনো বড় চাপ ছিল। তবে এবার সেই রহস্যের জট খুলেছে দলের মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের মাধ্যমে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘এল নাসিওন’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অ্যালেক্সিসের বাবা কার্লোস ম্যাক আলিস্টার। তিনি সরাসরি ছেলেকে বার্তা পাঠিয়ে আসল ঘটনা জানতে চান। ছেলের কাছ থেকে উত্তর পাওয়ার পর রেডিও লা রেদকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্লোস পুরো বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে নানা ব্যাখ্যা দাঁড় করানো হচ্ছে, মেসির কথার অর্থ আসলে তেমন কিছু ছিল না।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, ফাইনালের আগে ড্রেসিংরুম থেকে বের হওয়ার সময় মেসি সতীর্থদের বলছিলেন, ‘চলো সবাই। শান্ত থাকো, শান্ত থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শান্ত থাকি। সবকিছু ভুলে যাই। শুধু খেলি। শুধু খেলাটার কথাই ভাবি।’ এই ‘ভুলে যাওয়া’ শব্দটিকে ঘিরেই সমর্থকদের মনে নানা প্রশ্ন দেখা দেয়। অনেকেই সন্দেহ করেছিলেন, স্পেনের পক্ষ থেকে রেফারিং নিয়ে কোনো অভিযোগ, বাইরের কোনো সমালোচনা নাকি দলের ভেতরের কোনো সমস্যাকে ইঙ্গিত করেছিলেন অধিনায়ক।

কার্লোস ম্যাক আলিস্টার সাক্ষাৎকারে নিজের উদ্বেগের কথা জানিয়ে বলেন, ‘আমিও শুরুতে একই প্রশ্ন করেছিলাম। আমি আলেক্সিসকে বার্তা পাঠিয়ে জিজ্ঞাসা করেছিলাম, কী হয়েছিল? ড্রেসিংরুমে কোনো ঘটনা ঘটেছিল? আমি নিজেও উদ্বিগ্ন ছিলাম। আমি যদি এমনটা ভেবে থাকি, তাহলে অন্যরা কী ভেবেছে, সেটা সহজেই বোঝা যায়।’

ছেলের কাছ থেকে পাওয়া উত্তরটি জানিয়ে কার্লোস বলেন, ‘সে আমাকে বলেছে, না। ওরা ফুটবলের বিষয়েই কথা বলছিল। অর্থাৎ, মাঠে নেমে খেলতে হবে, পাস দিতে হবে, বল ঘোরাতে হবে, ত্রিভুজ তৈরি করতে হবে। অকারণে লম্বা বল খেলবে না বা বল নষ্ট করবে না—এটাই বোঝানো হয়েছিল।’

কার্লোস মনে করেন, ভিডিওর একটি ছোট্ট অংশ ছড়িয়ে পড়ার কারণেই এই অপ্রয়োজনীয় জল্পনা ও সন্দেহের সৃষ্টি হয়েছে। ফাইনালের হারের ব্যাখ্যায় তিনি যোগ করেন, ‘এরপরই নানা সন্দেহ তৈরি হয়। কয়েক দিন ধরে অনেকেই আমাকে লিখেছেন, নানা রকম ব্যাখ্যাও দিয়েছেন। কিন্তু বাস্তবতা হলো, সে দিন স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে।’

কার্লোস আরও বলেন, ‘কখনো কখনো মেনে নিতে হয় যে প্রতিপক্ষ আপনার চেয়ে ভালো ছিল। তার মানে এই নয় যে আমাদের দল সর্বোচ্চ চেষ্টা করেনি। ছেলেরা সর্বস্ব দিয়েছিল, কিন্তু সেদিন স্পেনই ভালো খেলেছে।’

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo