
পটুয়াখালীর মির্জাগঞ্জ থানায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের হয়ে সন্ত্রাসী কার্যক্রমের ষড়যন্ত্র এবং জননিরাপত্তা বিপন্ন করার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের হয়েছে। এই মামলার এজাহারভুক্ত আসামি মো. রাতিন জোমাদ্দারকে (২৩) মঙ্গলবার (২৮ জুলাই) বরিশাল থেকে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত রাতিন জোমাদ্দার উপজেলার উত্তর আমড়াগাছিয়া এলাকার বাসিন্দা আ. কাদের জোমাদ্দারের ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৫ জুলাই (শনিবার) রাত ৮টা ৫০ মিনিটে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর আমড়াগাছিয়া গ্রামের বেতাগী-মির্জাগঞ্জ সংযোগকারী চালিতাবুনিয়া ব্রিজের ওপর একদল ব্যক্তি একত্রিত হন। তাঁরা নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন।
অভিযোগে আরও বলা হয়েছে, ওই ব্যক্তিরা স্বাধীন রাষ্ট্রের সংহতি, সার্বভৌমত্ব ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে ব্যানার তৈরি করে অপরাধের ষড়যন্ত্র ও প্ররোচনা চালান। পাশাপাশি, নিজেদের শক্তি প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন।
এই ঘটনায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের (সংশোধনী-২০১৩) আওতায় চারটি ধারায় মির্জাগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :