
হবিগঞ্জে বুধবার হামলার শিকার হওয়া এনসিপিকর্মী আলিফের এক চোখের দৃষ্টিশক্তি পুরোপুরি নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।
সারজিস আলম জানান, ছাত্রদলের কর্মীরা ১৮ বছর বয়সী আলিফের চোখে রড দিয়ে আঘাত করলে তাকে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালের গেটের সামনে সন্ত্রাসীরা পুনরায় তাদের ওপর হামলা চালায়। সে সময় আলিফের চোখ দিয়ে অঝোরে রক্ত ঝরছিল এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সুযোগও দেওয়া হয়নি।
পরিস্থিতি গুরুতর হওয়ায় আলিফকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে সারজিস আলম জানান, ডাক্তার স্পষ্টভাবে জানিয়েছেন যে আলিফের একটি চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এখন দ্রুত তাকে ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :