Facebook Twitter Instagram YouTube

জীবন বাঁচানোয় বাংলাদেশি জেলেকে নিজেদের নৌকা উপহার দিতে চান শ্রীলঙ্কানরা


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ /
জীবন বাঁচানোয় বাংলাদেশি জেলেকে নিজেদের নৌকা উপহার দিতে চান শ্রীলঙ্কানরা

বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে দীর্ঘ ৩৬ দিন ভেসে থাকার পর উদ্ধার হওয়া শ্রীলঙ্কার দুই জেলে তাদের জীবন রক্ষাকারী বাংলাদেশি জেলে জিয়াউর রহমানকে নিজেদের মাছ ধরার নৌকাটি উপহার দিতে চেয়েছেন। তবে আইনি জটিলতার কারণে আদালতের অনুমতি ছাড়া এখনই নৌকাটি হস্তান্তর করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজারের মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান জানান, উদ্ধার পাওয়ার পর ওই দুই শ্রীলঙ্কান নাগরিক প্রথমে নিজেদের নৌকাটি সঙ্গে নিয়ে দেশে ফিরতে চেয়েছিলেন। কিন্তু আইনি প্রক্রিয়ার প্রতিবন্ধকতার কারণে তা সম্ভব না হওয়ায়, তারা স্বেচ্ছায় নৌকাটি তাদের জীবন রক্ষাকারী জিয়াউর রহমানকে উপহার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ওসি আরও জানান, নৌকাটি ইতোমধ্যে পুলিশি জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করে আদালতে উপস্থাপন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালত অনুমতি দিলেই কেবল জিয়াউর রহমান সেটি গ্রহণ করতে পারবেন।

এই বিষয়ে উদ্ধারকারী জেলে জিয়াউর রহমান বলেন, “তারা আমাকে দিলেও খুশি, না দিলেও খুশি। আমি নিঃস্বার্থভাবে তাদের জীবন বাঁচানোর চেষ্টা করেছি। তারা বলেছে, সারা জীবন এই ঘটনা মনে রাখবে। ভালোবেসে যদি নৌকাটি দিতে চায়, তাহলে আমি গ্রহণ করব।” সাগরে ভেসে থাকা অবস্থা থেকে উদ্ধারের পর দুই শ্রীলঙ্কান জেলে একদিন জিয়াউরের বাড়িতেই অবস্থান করেছিলেন। পরবর্তীতে মহেশখালী থানা থেকে ফোন পেয়ে গত শনিবার জিয়াউর তাদের থানায় নিয়ে যান।

পুলিশ জানায়, ওই দুই জেলে কেবল তাদের মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষা জানতেন না। ফলে শুরুতে তাদের বক্তব্য বুঝতে বেশ বেগ পেতে হয়। পরে কক্সবাজারের একটি হোটেলে কর্মরত এক শ্রীলঙ্কান নাগরিককে দোভাষী হিসেবে এনে ঘটনার বিস্তারিত বিবরণ নেওয়া হয়। এরপর স্থানীয় প্রশাসনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হলে, বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত নিজে ফোনে দুই জেলের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের দেশে ফিরিয়ে নেওয়ার আশ্বাস দেন।

বর্তমানে দুই জেলের পাসপোর্টের জন্য ছবি তুলে শ্রীলঙ্কান দূতাবাসে পাঠানো হয়েছে এবং সেখানে তাদের ট্রাভেল পাস বা প্রয়োজনীয় ভ্রমণ নথি তৈরির প্রক্রিয়া চলছে। এদিকে, থানা হেফাজত থেকে তাদের সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছিল। মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার জানান, আদালতের অনুমতি পাওয়ার পর সোমবার তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে এবং সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে শ্রীলঙ্কান দূতাবাসে হস্তান্তর করা হয়েছে, যাতে তাদের দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করা যায়। বিদায়ের মুহূর্তে দুই শ্রীলঙ্কান জেলে জিয়াউর রহমানকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন। জিয়াউর জানান, যাওয়ার আগে তারা তাকে জড়িয়ে ধরেছিলেন এবং তিনি বুঝতে পারছিলেন তারা কতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh