
উত্তরা মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী তাহসিন আব্দুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বুধবার অনুষ্ঠিত এই সাক্ষাতের বিষয়টি বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাহসিনের পড়াশোনা, ভবিষ্যৎ স্বপ্ন ও খেলাধুলা নিয়ে খোঁজখবর নেন। পরে তিনি তাহসিনের হাতে নিজের স্বাক্ষর করা একটি বাস্কেটবল এবং একটি ড্রোন সেটসহ বিশেষ উপহার তুলে দেন।
উল্লেখ্য, গত ২৭ জুলাই রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেখানে হাজারো শিশুর ভিড়ে স্কুলড্রেস পরা কিশোর তাহসিন প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে দুই হাত বাড়িয়ে উচ্ছ্বসিত হাসিমুখে দাঁড়িয়ে ছিল, যা অসংখ্য মানুষের হৃদয় স্পর্শ করে।
এর আগে, ২০২৫ সালের জুলাই মাসে উত্তরার মাইলস্টোন স্কুলে এক মর্মান্তিক যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় তাহসিন তার প্রিয় বড় বোন তাসনিয়াকে হারায়। সে সময় তাহসিন ষষ্ঠ শ্রেণিতে এবং তাসনিয়া অষ্টম শ্রেণিতে পড়ত। একই স্কুলে পড়লেও ঘটনার দিন তারা আলাদা ভবনে ছিল। যুদ্ধবিমানটি সরাসরি তাসনিয়াদের ভবনে আছড়ে পড়লে বিকট বিস্ফোরণ ঘটে। বোনকে খুঁজতে গিয়ে ছোট দুই হাতে স্যালাইন ও পানির বোতল নিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল তাহসিন। তবে তার সেই অপেক্ষার আর অবসান ঘটেনি। মাইলস্টোনের সেই দুর্ঘটনায় সন্তান হারানো তাহসিনের বাবার প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আপনার মতামত লিখুন :