
প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সহযোগী এবং নারী সরবরাহকারী হিসেবে পরিচিত ড্যানিয়েল সিয়াদ প্যারিসের কাছে তার নিজ বাড়িতে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া গেছেন। ফরাসি কর্মকর্তারা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ৬৯ বছর বয়সী সিয়াদ ফ্রান্সে মানব পাচার সংক্রান্ত বিশেষ প্রসিকিউটরদের তদন্তের আওতায় ছিলেন এবং তার বিরুদ্ধে ধর্ষণসহ বিভিন্ন অভিযোগ ছিল।
এ বছরের শুরুতে প্রকাশিত ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের এপস্টাইন ফাইলের ১,০০০-এর বেশি নথিতে সিয়াদের নাম উল্লেখ রয়েছে। তিনি এপস্টাইনকে নারী পাচার ও নির্যাতনে সহায়তা করার অভিযোগে অভিযুক্ত ফরাসি পুরুষদের মধ্যে অন্যতম ছিলেন। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হননি, তবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে আসছিলেন। গত সোমবার সন্ধ্যায় তাকে মৃত অবস্থায় উদ্ধারের পর মৃত্যুর কারণ নির্ণয়ে তদন্ত শুরু হয়েছে এবং ময়নাতদন্ত করা হবে।
তদন্তকারী নথিপত্র অনুযায়ী, সিয়াদ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মডেল সংগ্রহের কাজ করতেন। মডেলিংয়ের পাশাপাশি তিনি এপস্টেইনের জন্য উপযুক্ত নারীদের খুঁজে দিতেন। ২০১৪ সালে এপস্টাইনকে পাঠানো একটি ইমেইলে তিনি তার এই কাজকে মাছ ধরার সঙ্গে তুলনা করেছিলেন। এপস্টাইন ফাইলগুলোতে তাকে এপস্টেইনের অন্যতম অনুগত সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার সঙ্গে এপস্টেইনের মৃত্যুর আগ পর্যন্ত নিয়মিত যোগাযোগ ছিল।
সিয়াদ মডেলিং দুনিয়ায় ভালো সংযোগ রাখতেন এবং জাঁ-লুক ব্রুনেলের জন্যও কমিশনভিত্তিক স্কাউট হিসেবে কাজ করতেন। উল্লেখ্য, ব্রুনেল ২০২২ সালের ফেব্রুয়ারিতে কারাগারে আত্মহত্যা করেন এবং এপস্টেইন ২০১৯ সালে কারাগারে মারা যান।
নিজের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে সিয়াদ দাবি করেছিলেন যে, তিনি এপস্টেইনের প্যারিসের অ্যাপার্টমেন্টে বৈধ মডেল কাস্টিং সেশনের জন্য নারীদের পাঠাতেন এবং কাস্টিংয়ের সময় তিনি সবসময় উপস্থিত থাকতেন। এ বছরের শুরুতে সাবেক সুইডিশ মডেল এবা কার্লসন ১৯৯০ সালে স্টকহোমে সিয়াদ কর্তৃক তাকে স্কাউট করা এবং পরবর্তীতে ফ্রান্সে ধর্ষণের অভিযোগ আনেন। সিয়াদের মৃত্যুর খবরে কার্লসন হতাশা প্রকাশ করে বলেছেন, তিনি গ্রেপ্তারের খুব কাছাকাছি ছিলেন। সিয়াদ ফ্রান্স টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি এপস্টেইনের নিষ্ঠুরতা সম্পর্কে জানতেন না এবং নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। ২০১৬ সালে এফবিআই সিয়াদের কার্যকলাপ সম্পর্কে তথ্য পেয়েছিল এবং ফেব্রুয়ারিতে ফরাসি প্রসিকিউটররা এপস্টাইন ফাইল বিশ্লেষণের জন্য একটি বিশেষ ম্যাজিস্ট্রেট দল গঠন করেছিলেন।
আপনার মতামত লিখুন :