Facebook Twitter Instagram YouTube

সিলেটে ওসমানী মেডিকেলে চিকিৎসকের ওপর হামলা, কর্মবিরতি ও শাটডাউন


প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ /
সিলেটে ওসমানী মেডিকেলে চিকিৎসকের ওপর হামলা, কর্মবিরতি ও শাটডাউন

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে হাসপাতাল এলাকা। এই ঘটনাকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক, মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং রোগীর স্বজনদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটা থেকে দেড়টা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগ ও এর সামনে এই সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ইন্টার্ন চিকিৎসক তাসপিয়ানুল হক ও রেজা নিলয় রয়েছেন। এ ছাড়া নগরের বালুচর এলাকার আবরার হোসেন ও জাহিদ, মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী এবং রোগীর আরেক স্বজন আহত হয়েছেন। আহত দুই ইন্টার্ন চিকিৎসকের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ইন্টার্ন ডক্টরস ফোরামের রাকিন হান্নান। অন্যজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আহত রোগীর তিন স্বজনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল রাত সাড়ে ১২টার দিকে এক শিশুকে নিয়ে কয়েকজন স্বজন জরুরি বিভাগে আসেন। সেখানে দায়িত্বরত এক ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। শিক্ষার্থীদের দাবি, রোগীর স্বজনরা বাইরে থেকে লোকজন এনে ওই ইন্টার্ন চিকিৎসককে মারধর করেন। খবর পেয়ে অন্য ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে ছুটে গেলে সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় কিছু সময় উত্তেজনা বিরাজ করে এবং শিক্ষার্থীদের লাঠি ও স্টাম্প হাতে অবস্থান করতে দেখা যায়। রাত তিনটার দিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মাইনুল জাকির জানান, তিনি ও হাসপাতালের পরিচালক ঘটনাস্থলে উপস্থিত থেকে বিষয়টি খতিয়ে দেখছেন।

ঘটনার প্রতিবাদে রাতেই ইন্টার্ন ডক্টরস ফোরাম ও সাধারণ শিক্ষার্থীরা পৃথক বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছেন। চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব উল্লেখ করে তারা দোষীদের দ্রুত শনাক্ত ও বিচারের দাবি জানিয়েছেন। দাবি পূরণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি এবং শিক্ষার্থীরা একাডেমিক শাটডাউন পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo