
অতিবৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে আয়োজিত এক ভার্চুয়াল সভায় সরকারপ্রধান এসব নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ এলাকার জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি, ক্ষয়ক্ষতির পরিমাণ, আশ্রয়কেন্দ্রের অবস্থা, উদ্ধার তৎপরতা এবং ত্রাণ ও চিকিৎসাসেবার অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
সভায় প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের মূল অগ্রাধিকার। তিনি কোনো ধরনের গাফিলতি বরদাশত না করার ইঙ্গিত দিয়ে ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ওষুধ এবং ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। এছাড়া আশ্রয়কেন্দ্রগুলোতে নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত স্যানিটেশন, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন।
বিশেষভাবে নারী, শিশু, প্রবীণ ব্যক্তি, প্রতিবন্ধী এবং গর্ভবতী নারীদের স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্যোগের সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যেন চুরি, ডাকাতি, মজুতদারি বা ত্রাণ আত্মসাতের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে। ত্রাণ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে প্রকৃত ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও তিনি পুনরুল্লেখ করেন।
ভার্চুয়াল সভায় চট্টগ্রাম থেকে যুক্ত হওয়া কর্মকর্তারা জানান, সেখানে জলাবদ্ধতা ধীরে ধীরে কমছে। তবে সিলেট অঞ্চলে মনু নদের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতির অবনতি ঘটছে এবং রংপুর বিভাগে নতুন করে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। এসব তথ্য জানার পর প্রধানমন্ত্রী সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম প্রস্তুত রাখার পাশাপাশি সমন্বিতভাবে জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। সভায় দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি ও আবহাওয়ার পূর্বাভাস নিয়মিত পর্যবেক্ষণের বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন :