
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। আজ রবিবার এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী তার শোকবার্তায় বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতির একজন প্রজ্ঞাবান, সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। সুদীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন মেয়াদে তিনি শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীর মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন।
দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করা এবং সংসদীয় সংস্কৃতির বিকাশে তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি আরও বলেন, জমির উদ্দিন সরকার আজীবন বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শে অবিচল ছিলেন। দলের দীর্ঘ সংগ্রাম, প্রতিকূলতা ও দুঃসময়ের কোনো পর্যায়েই তিনি আদর্শচ্যুত হননি। বিশেষ করে বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে তাঁর বীরত্বপূর্ণ ভূমিকা দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, বিচক্ষণ রাষ্ট্রনায়ক এবং সত্যিকারের দেশপ্রেমিককে হারাল। তাঁর কর্মময় জীবন আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। পরিশেষে, প্রধানমন্ত্রী মহান আল্লাহর দরবারে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান।
আপনার মতামত লিখুন :