Facebook Twitter Instagram YouTube

জুলাইয়ের ২৯ দিনে ২৭১ কোটি ডলার রেমিট্যান্স পেল বাংলাদেশ


প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৬, ৮:২০ পূর্বাহ্ণ /
জুলাইয়ের ২৯ দিনে ২৭১ কোটি ডলার রেমিট্যান্স পেল বাংলাদেশ

চলতি জুলাই মাসের প্রথম ২৯ দিনে দেশে ২৭০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার (৩০ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছেন। এই হিসাবে চলতি মাসে প্রতিদিন গড়ে ৯ কোটি ৩৩ লাখ ডলারের প্রবাসী আয় দেশে এসেছে।

তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২২৭ কোটি ৬০ লাখ ডলার। সেই তুলনায় এ বছর রেমিট্যান্স প্রবাহ ১৮ দশমিক ৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এর আগে জুন মাসে দেশে মোট ২৮১ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। জুন মাসের আয়ের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ৫১ কোটি ৫১ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৮৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৬৬ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স আসে।

চলতি বছরের আগের মাসগুলোর তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, মে মাসে দেশে মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া এপ্রিলে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং মার্চ মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে যথাক্রমে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার ও ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স আসে। গত বছরের নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh