Facebook Twitter Instagram YouTube

ইউনাইটেড হেলথকেয়ারে দেশে প্রথম রোবোটিক সার্জারি সম্পন্ন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ /
ইউনাইটেড হেলথকেয়ারে দেশে প্রথম রোবোটিক সার্জারি সম্পন্ন

বাংলাদেশের চিকিৎসা সেবায় নতুন মাইলফলক স্থাপন করেছে ইউনাইটেড হেলথকেয়ার। গত ৩১ আগস্ট (সোমবার) রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো বিশেষায়িত সার্জিক্যাল রোবট ‘মেডবট তুমাই এন্ডোস্কোপিক সার্জিক্যাল রোবট’ ব্যবহার করে দুটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

হাসপাতালটির সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রফিকুস সালেহীন প্রথম অস্ত্রোপচারটি পরিচালনা করেন। ৫৭ বছর বয়সী এক পুরুষ রোগীর পিত্তথলির পাথর অপসারণের জন্য এই রোবোটিক কোলেসিস্টেকটমি সম্পন্ন করা হয়। এরপর প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক অধ্যাপক ডা. সামছাদ জাহান শেলি ৪৫ বছর বয়সী এক নারীর জরায়ু অপসারণের (রোবোটিক হিস্টেরেকটমি) দ্বিতীয় অস্ত্রোপচারটি সফলভাবে শেষ করেন।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের আনুষ্ঠানিক অনুমোদনের পরই এই কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে। অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের পর ইউনাইটেড হেলথকেয়ারসহ দেশের দুটি বেসরকারি হাসপাতালকে রোবোটিক সার্জারির চূড়ান্ত অনুমতি দেওয়া হয়েছে। ২০২৪ সালে হৃদরোগ হাসপাতালে আংশিক রোবটিক প্রযুক্তির প্রদর্শনীমূলক ব্যবহার হলেও, পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক রোবোটিক সার্জারি হিসেবে এটিই দেশের প্রথম সফল ঘটনা।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, রোবোটিক সার্জারিতে প্রচলিত পদ্ধতির তুলনায় দুই থেকে তিন গুণ বেশি খরচ হলেও এর নির্ভুলতা, দ্রুত নিরাময় ক্ষমতা এবং নিরাপত্তা অত্যন্ত কার্যকর। এই প্রযুক্তির ব্যবহারের ফলে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রবণতা কমবে, যা দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ভূমিকা রাখবে। ইউনাইটেড হেলথকেয়ার অদূর ভবিষ্যতে হৃদরোগ, নিউরো, ইউরোলজি ও থোরাসিক বিভাগেও রোবোটিক সার্জারি কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy