Facebook Twitter Instagram YouTube

শাহজালাল মাজারে প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা একটি চিঠি উদ্ধার


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৬:৪৫ পূর্বাহ্ণ /
শাহজালাল মাজারে প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা একটি চিঠি উদ্ধার

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা একটি ব্যতিক্রমী চিঠি উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে মাজারের ডেগ ও দানবাক্সগুলো খোলার সময় এই চিঠিটি কর্মকর্তাদের নজরে আসে। চিঠিতে দেশে ধর্ষণ, হত্যা, শিশু নির্যাতন ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং আলোচিত অপরাধগুলোর দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

চিঠির শুরুতে লেখক কিছুটা সংশয় প্রকাশ করে উল্লেখ করেন, তার এই বার্তাটি শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হাতে পৌঁছাবে কি না তা তিনি জানেন না। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে তিনি লেখেন, সাধারণ মানুষ একটি নিরাপদ বাংলাদেশ চায়। কিন্তু সমাজে প্রতিনিয়ত ঘটে যাওয়া গুরুতর অপরাধের ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। বিশেষ করে রামিসা, আছিয়া ও হাদীর মতো আলোচিত ঘটনার বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা দূর করে দ্রুত রায় প্রদানের দাবি জানানো হয়েছে ওই চিঠিতে।

মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে চিঠিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলা হয়, গ্রামের প্রায় ৯০ শতাংশ মানুষ মাদকাসক্ত। মাদকের সঙ্গে জড়িতদের হাত অনেক লম্বা বলে উল্লেখ করে লেখক প্রশ্ন তোলেন, তারা কীভাবে থানা ম্যানেজ করে। চিঠির শেষাংশে ‘বাংলাদেশকে ভালোবাসি’ লিখে ‘মোহাম্মদ জুবায়ের আহমদ’ নামে স্বাক্ষর করা হয়েছে। তবে এই লেখকের সুনির্দিষ্ট কোনো পরিচয় বা কখন তিনি চিঠিটি দানবাক্সে ফেলেছেন তা জানা যায়নি।

উল্লেখ্য, শনিবার ১৮ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মাজারের ডেগ ও দানবাক্সগুলো খোলা হয়। এতে ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে। এছাড়া বৈদেশিক মুদ্রা, সোনা, রুপা, সোনা-সদৃশ ধাতব বস্তু এবং একটি গরু ও ৬৫টি ছাগল দান হিসেবে জমা পড়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin