Facebook Twitter Instagram YouTube

এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের নেতৃত্বে সাকিব আল হাসান


প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৬, ৬:৩২ পূর্বাহ্ণ /
এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের নেতৃত্বে সাকিব আল হাসান

আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত না দেখা গেলেও, ক্রিকেটপ্রেমীদের জন্য আবারো মাঠে ফিরছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এশিয়ার কিংবদন্তি ক্রিকেটারদের অংশগ্রহণে শুরু হতে যাওয়া এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে বাংলাদেশ টাইগার্সের নেতৃত্ব দেবেন তিনি। আগামী ৩০ জুলাই জাম্বিয়ায় পর্দা উঠবে এই টুর্নামেন্টের। এবারের আসরে মোট ছয়টি দল ১৯টি ম্যাচে মুখোমুখি হবে।

লিগে অংশ নেওয়া দলগুলো হলো- বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স ও রেস্ট অব এশিয়ান স্টার্স। বাংলাদেশ টাইগার্সের স্কোয়াডে সাকিবের সঙ্গী হিসেবে থাকছেন সাবেক অলরাউন্ডার আলোক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, আল মামুন রাসেল, সাদেকুর রহমান ও ইমন আহমেদ।

টুর্নামেন্টটিতে এশিয়ার অনেক সাবেক তারকা ক্রিকেটার অংশ নিচ্ছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ভারতের ইউসুফ পাঠান ও আম্বাতি রায়ডু, শ্রীলঙ্কার থিসারা পেরেরা, উপুল থারাঙ্গা ও ইসুরু উদানা, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, সাঈদ আজমল, উমর আকমল, মোহাম্মদ ইরফান এবং আফগানিস্তানের আসগার আফগান।

৩০ জুলাই জার্সি উন্মোচনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কান লায়ন্স ও আফগানিস্তান পাঠানস। ৩১ জুলাই ডাবল-হেডারের প্রথম ম্যাচে খেলবে পাকিস্তান প্যান্থার্স ও রেস্ট অব এশিয়ান স্টার্স। একই দিনে দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের বাংলাদেশ টাইগার্স লড়বে ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে। টুর্নামেন্টের কোয়ালিফায়ার-১ অনুষ্ঠিত হবে ৮ আগস্ট, কোয়ালিফায়ার-২ হবে ৯ আগস্ট এবং ১০ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল। সনি স্পোর্টস নেটওয়ার্কের সঙ্গে তিন মৌসুমের সম্প্রচার চুক্তি থাকায় ক্রিকেটপ্রেমীরা সরাসরি এই টুর্নামেন্ট উপভোগ করতে পারবেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh