
আন্তর্জাতিক টেনিসের হল অব ফেমে অন্তর্ভুক্ত হলেন সুইজারল্যান্ডের কিংবদন্তি তারকা রজার ফেদেরার। রবিবার (৩০ আগস্ট) যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্টে এক বিশেষ অনুষ্ঠানে টেনিসের এই সর্বোচ্চ সম্মানে তার নাম উঠে আসে।
এই আয়োজনে টেনিস অঙ্গনের অনেক তারকা খেলোয়াড় উপস্থিত ছিলেন, যাদের মধ্যে বিলি জিন কিং ও জন ম্যাকেনরোর মতো কিংবদন্তিরাও ছিলেন।
১৯৯৮ সালে মাত্র ১৬ বছর বয়সে মূল ট্যুর প্রতিযোগিতায় অভিষেক হয়েছিল ফেদেরারের। দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে ২০২২ সালে টেনিস থেকে অবসর গ্রহণ করেন তিনি। এই দীর্ঘ সময়ে ফেদেরার মোট ২০টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন।
পুরুষ এককে গ্র্যান্ড স্ল্যাম জয়ের দিক থেকে ফেদেরারের চেয়ে এগিয়ে আছেন কেবল সার্বিয়ার নোভাক জকোভিচ (২৪টি) এবং স্পেনের রাফায়েল নাদাল (২২টি)।
সুইস এই তারকা উইম্বলডনে রেকর্ড আটবার শিরোপা জিতেছেন। এছাড়াও, তিনি ছয়টি অস্ট্রেলিয়ান ওপেন, পাঁচটি ইউএস ওপেন এবং একটি ফরাসি ওপেন চ্যাম্পিয়নশিপ জয় করেন। ক্যারিয়ারের ৩১০ সপ্তাহ তিনি বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষস্থানে ছিলেন।
নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের পরিসংখ্যান নিয়ে ফেদেরার বলেন, ‘‘আমি এমন কিছু সংখ্যার কথা বলছি, যা সত্যিই একটা ছবি আঁকে। ১৯৯৮ সাল থেকে আমার প্রথম এটিপি ট্যুর শুরু হয়। আমার অবসরের সময় ২০২২ সালের মধ্যে আমি পাঁচ হাজারের বেশি হেডব্যান্ড পড়েছি। বিয়ন বর্গ ও জন ম্যাকেনরোর মিলিত সংখ্যার চেয়েও বেশি। আমি প্রায় সাত হাজার জোড়া মোজা পড়েছি। এটা হয়তো আমার অনেক প্রতিপক্ষের চেয়ে দ্বিগুণ। কারণ আমি দু’টি করে পরতাম। এখানে এ অবস্থায় থাকতে পারার অর্থ, পরিমাপ করা সম্ভব নয় এবং ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’’
আপনার মতামত লিখুন :