Facebook Twitter Instagram YouTube

দেশের ৫ বিভাগে অতিভারি বৃষ্টি ও ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা


প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৮:৪৫ পূর্বাহ্ণ /
দেশের ৫ বিভাগে অতিভারি বৃষ্টি ও ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে সোমবার (১৩ জুলাই) সকাল পর্যন্ত ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের পাঁচটি বিভাগে অতিভারি বৃষ্টিপাতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় বলা হয়, সোমবার সকাল ৯টার মধ্যে ঢাকা, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে আরও জানানো হয়, মৌসুমি বায়ুর বর্ধিতাংশ বর্তমানে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে।

এই পরিস্থিতির প্রভাবে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh