Facebook Twitter Instagram YouTube

এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে ৯৬ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ


প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২৬, ১:০৩ অপরাহ্ণ /
এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে ৯৬ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) অ্যাসেসমেন্টে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চারটি ব্যাচের মোট ৯৬ জন প্রশিক্ষণার্থীর হাতে এনএসডিএর সনদ তুলে দেওয়া হয়। তিন মাসব্যাপী প্রশিক্ষণ শেষে চূড়ান্ত অ্যাসেসমেন্টে উত্তীর্ণ হওয়ার পর তাদের এই সনদ প্রদান করা হয়।

উত্তীর্ণ প্রশিক্ষণার্থীরা জেনারেল কেয়ারগিভিং (লেভেল-২), বয়স্ক ব্যক্তিদের সেবাযত্ন (লেভেল-৩), শিশু, টডলার ও ইনফ্যান্টদের সেবাযত্ন (লেভেল-৩) এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সেবাযত্ন (লেভেল-৩)—এই চারটি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-মারকাজুল ইসলামীর চেয়ারম্যান শায়খ হামজা শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে পিকেএসএফের সিনিয়র জেনারেল ম্যানেজার জনাব জিয়াউদ্দিন ইকবাল, পিকেএসএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব হাসান খালেদ, জাপানের ফ্রিল্যান্স কনসালট্যান্ট তাইসুকে তোকুওকা, এএমআই-এর উপদেষ্টা আলহাজ হালিমুজ্জামান, এএমআই স্কিলের উপদেষ্টা দেওয়ান কামরুজ্জামান এবং প্রশিক্ষক জনাব সজিব উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের ব্যবস্থাপক নাজমুল হাসান সাকিব।

বক্তারা তরুণ জনগোষ্ঠীকে দক্ষ ও কর্মক্ষম জনশক্তিতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে চাকরির পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতা বাস্তব কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে নিজেদের ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ৯৬ জন প্রশিক্ষণার্থীর হাতে এনএসডিএর সনদ তুলে দেওয়া। সনদ গ্রহণের সময় প্রশিক্ষণার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। কয়েকজন সফল প্রশিক্ষণার্থী অনুষ্ঠানে তাদের প্রশিক্ষণকালীন অভিজ্ঞতা, অর্জিত দক্ষতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

আল-মারকাজুল ইসলামী কর্তৃক পরিচালিত এই এনএসডিএ অনুমোদিত প্রতিষ্ঠানটি দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দেশ-জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে অতিথি, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বর্তমানে এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে বিনামূল্যে মোবাইল ফোন সার্ভিসিং (লেভেল-২) এবং আইটি সাপোর্ট সার্ভিস (লেভেল-৩)-এর ভর্তি কার্যক্রম চলছে। অচিরেই প্রতিষ্ঠানটিতে জাপানিজ ভাষা শিক্ষা কোর্স শুরু হবে।

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১২: ৪১আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১২: ৪২

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh