
রোমানিয়ার পপ সেনসেশন ওটিলিয়া ব্রুমা আবারও বাংলাদেশের শ্রোতাদের গান শোনাতে ঢাকায় আসছেন। আগামী ২৭ নভেম্বর ‘ইমেকার্স বাংলাদেশ’-এর আয়োজনে এই মেগা কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। চার বছর পর দ্বিতীয়বারের মতো ঢাকার মঞ্চ মাতাতে প্রস্তুত এই আন্তর্জাতিক তারকা।
সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে ঢাকায় আসার খবরটি নিশ্চিত করেছেন ওটিলিয়া নিজেই। এই ঘোষণার পর থেকেই তার ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর আগে ২০২২ সালের জুলাই মাসে নকিয়া জি২১-এর উদ্বোধনী কনসার্টে অংশ নিতে প্রথমবার বাংলাদেশে এসেছিলেন তিনি। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) প্রাঙ্গণে আয়োজিত সেই কনসার্টে তার পরিবেশনা দর্শকদের দারুণভাবে মুগ্ধ করেছিল।
রোমানিয়ার সুসেভায় জন্মগ্রহণকারী এই পপতারকা ২০১৪ সালে মুক্তি পাওয়া বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী গান ‘বিলিয়নেরা’ দিয়ে রাতারাতি আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন। আইসিসিবির মঞ্চে তার প্রথম পরিবেশনার স্মৃতি এখনো ভক্তদের মনে সতেজ। চার বছর পর আবারও ঢাকাবাসীকে নিজের জনপ্রিয় গানগুলোতে নাচাতে আসছেন তিনি। ২৭ নভেম্বরের সেই আলো ঝলমলে রাতে ওটিলিয়া কোন কোন ট্র্যাকে পারফর্ম করবেন, তা নিয়ে এখন থেকেই দিন গুনছেন সংগীতপ্রেমীরা।
আপনার মতামত লিখুন :