
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী এবং উপজেলা যুবদল নেতা নিজাম উদ্দিন মিয়া। সোমবার বিকেলে শতশত মোটরসাইকেলের বহরে কয়েক হাজার কর্মী-সমর্থকের অংশগ্রহণ আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে ইউনিয়নের বিভিন্ন এলাকা।
এই মোটরসাইকেল শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে শোভাযাত্রাটি ফুলবাগিচা বাজারে গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন মিয়া বলেন, আসন্ন ইউপি নির্বাচনে জয়ী হলে তিনি ইউনিয়নের সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুযোগ-সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবেন। এছাড়াও, স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
নিজাম উদ্দিন মিয়া আরও বলেন, তিনি লালমোহন ইউনিয়নের মাটির সন্তান এবং জন্মলগ্ন থেকেই এ ইউনিয়নের জনগণের সুখে-দুঃখে পাশে ছিলেন। অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থাকার জন্য তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
আপনার মতামত লিখুন :