Facebook Twitter Instagram YouTube

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের ওপর হামলার প্রতিবাদ, দোষীদের বিচারের দাবি সম্মিলিত ইসলামী ঐক্যজোটের


Md. Zubaer Hossain প্রকাশের সময় : আগস্ট ১৯, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ /
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের ওপর হামলার প্রতিবাদ, দোষীদের বিচারের দাবি সম্মিলিত ইসলামী ঐক্যজোটের

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের ওপর পুলিশের হামলার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্মিলিত ইসলামী ঐক্যজোট। একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জোটের নেতৃবৃন্দ।

 

বুধবার (১৯ আগস্ট) বিকেলে রাজধানীর পল্টনে সম্মিলিত ইসলামী ঐক্যজোটের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

 

সভায় সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের ওপর পুলিশের হামলার অভিযোগ অত্যন্ত ন্যাক্কারজনক, অমানবিক ও নিন্দনীয়। তিনি বলেন, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও আলেম-ওলামাদের ওপর কোনো ধরনের হামলা বা হয়রানি মেনে নেওয়া হবে না।

 

তিনি আরও বলেন, “মাদ্রাসাছাত্র, আলেম-ওলামা, পীর-মুর্শিদ ও তৌহিদী জনতার ওপর কোনো ধরনের আক্রমণ বা ষড়যন্ত্র দেশের সাধারণ মানুষ মেনে নেবে না।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

 

সভায় নেতৃবৃন্দ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। একই সঙ্গে মাদ্রাসাছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তারা।

 

সভা পরিচালনা করেন নেজাম ইসলাম বাংলাদেশের চেয়ারম্যান ও সম্মিলিত ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা হারিসুল হক।

 

এ সময় উপস্থিত ছিলেন জোটের ভাইস চেয়ারম্যান মুফতি মিজবাউল হক, ভাইস চেয়ারম্যান মুফতি নুরুল আমিন, যুগ্ম মহাসচিব মাওলানা জুবায়ের হোসাইন নেজামি, যুগ্ম মহাসচিব মাওলানা মিজানুর রহমান রাজাপুরী, মাওলানা এরশাদ উল্লাহসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

 

নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।