
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত চার সদস্য রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার এবং ইসমাইল জবিহ উল্লাহ দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
সাক্ষাতের আগে সকালে এই চার নেতা শেরে বাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। গত ১৫ আগস্ট দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে তারেক রহমান তাদের স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন চার নেতা তাদের মেধা ও বিচক্ষণতার মাধ্যমে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন বলে আশা করা হচ্ছে। ২০১৬ সালের ১৯ মার্চ সর্বশেষ জাতীয় কাউন্সিলের পর স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছিল। এরপর বিভিন্ন সময়ে পদ শূন্য হওয়ায় নতুন সদস্য যুক্ত করার ধারাবাহিকতায় এবার একসঙ্গে চারজনকে অন্তর্ভুক্ত করা হলো।
বর্তমানে বিএনপির ১৯ সদস্য বিশিষ্ট স্থায়ী কমিটির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। বর্তমান সদস্যদের মধ্যে রয়েছেন তারেক রহমান, খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এ জেড এম জাহিদ হোসেন। উল্লেখ্য, রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০ আগস্ট নির্বাচনের পর দলীয় পদ থেকে পদত্যাগ করবেন।
এবার একসঙ্গে চারজনকে স্থায়ী কমিটিতে যুক্ত করা হলো।১৯ সদস্য বিশিষ্ট বিএনপির স্থায়ী কমিটিতে আগে থেকে ১৩ জন রয়েছেন ।
আপনার মতামত লিখুন :