Facebook Twitter Instagram YouTube

হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে ইমরান খান


প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২৬, ২:১৭ অপরাহ্ণ /
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার পর পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, চিকিৎসকদের একটি দল তাকে পরীক্ষা-নিরীক্ষা করে শারীরিকভাবে সুস্থ এবং কারাগারের উপযোগী হিসেবে ঘোষণা করেছেন।

৭৩ বছর বয়সী ইমরান খানকে সুপ্রিম কোর্টের নির্দেশে গত ২০ ও ২১ আগস্টের মধ্যবর্তী রাতে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়। গত ফেব্রুয়ারি মাসের পর এই প্রথম তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগারের বাইরে স্থানান্তর করা হলো। শুক্রবার সকালে তথ্যমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইমরান খানের শারীরিক অবস্থার এই আপডেট জানান।

ইমরান খানকে ইসলামাবাদের বেসরকারি শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তাকে রাষ্ট্রীয় পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে নেওয়া হয়। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের ভাষ্যমতে, পিটিআই কর্মীদের উপস্থিতির কারণে নির্ধারিত পথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় এই পরিবর্তন আনা হয়। চিকিৎসা পরীক্ষার সময় ইমরানের বোন উজমা খান সেখানে উপস্থিত ছিলেন। পরীক্ষা শেষে ভোর ৫টার দিকে তাকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ফেরত নেওয়া হয়।

ইমরানকে হাসপাতালে নেওয়ার খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা রাস্তায় নেমে আসেন এবং তাকে বহনকারী গাড়িতে ফুল ছিটিয়ে ভালোবাসা জানান। স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলো এই ঘটনা সরাসরি সম্প্রচার করে, যা সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে বেশ ব্যতিক্রমী ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। তবে তাকে দ্রুত কারাগারে ফেরত পাঠানোয় সমর্থকদের মধ্যে নতুন করে ক্ষোভের আশঙ্কা তৈরি হয়েছে, যা রাজপথের উত্তাপ বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে থাকা ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে তার দল, যদিও পাকিস্তান সরকার তা অস্বীকার করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy