
পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগরে বিএসএফের একটি ক্যাম্পে নিজেদের মধ্যে গোলাগুলির ঘটনায় দুই জওয়ান নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে মালদার বিধাননগরে অবস্থিত বিএসএফের ১১৯ ও ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
বিএসএফ সূত্রে জানা গেছে, অভিযুক্ত জওয়ানের নাম শিবম মিশ্র, যিনি ভারতের ছত্তিশগড়ের বাসিন্দা। তিনি হঠাৎ করেই তার সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। এতে ঘটনাস্থলেই দুই জওয়ান নিহত হন এবং একজন গুরুতর আহত হন। নিহতরা হলেন বিহারের ছাপড়া জেলার মানঝি এলাকার ৫১ বছর বয়সি অজয় কুমার সিং এবং মহারাষ্ট্রের গড়চিরোলির ৩৭ বছর বয়সি আম্বাদার সুরেশ দারগু। আহত বিকাশ ব্রহ্ম (৪৪) পশ্চিমবঙ্গের হুগলি জেলার পোলপা থানার মোহান্দা গ্রামের বাসিন্দা। তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা তিনজনই বিএসএফের ৭১ নম্বর ব্যাটালিয়নের সদস্য ছিলেন।
বিএসএফের অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী, অভিযুক্ত শিবম মিশ্র প্রায় এক বছর আগে সহকর্মীদের ওপর গুলি চালানোর অভিযোগে শাস্তির মুখোমুখি হয়েছিলেন। কয়েক দিন আগেই তার সেই শাস্তির মেয়াদ শেষ হয় এবং তাকে বাড়িতে পাঠানোর প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই এই নতুন করে গোলাগুলির ঘটনা ঘটল।
ঘটনার পরপরই বৈষ্ণবনগর থানা পুলিশ তদন্ত শুরু করেছে। মালদার পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে বিএসএফের মালদা সেক্টরের ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা জানিয়েছেন, বাহিনীর পক্ষ থেকেও একটি পৃথক বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :