Facebook Twitter Instagram YouTube

হাই-টেক পার্কের ফি পাঠাতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৬, ২:০০ অপরাহ্ণ /
হাই-টেক পার্কের ফি পাঠাতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

হাই-টেক পার্কের ‘টাইপ-এ’ ক্যাটাগরির শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য রয়্যালটি, কারিগরি জ্ঞান এবং কারিগরি সহায়তা ফি বিদেশে পাঠানোর প্রক্রিয়ায় নতুন সুবিধা প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

নতুন এই নির্দেশনার ফলে এখন থেকে প্রতিষ্ঠানগুলো তাদের বৈদেশিক মুদ্রার হিসাবের পাশাপাশি দেশীয় টাকার হিসাব থেকেও নির্ধারিত সীমার মধ্যে এসব ফি বিদেশে পাঠাতে পারবে। ২০১৯ সালের ১৬ মে জারি করা ‘এফই সার্কুলার নম্বর-২১’-এর ১০ ধারা অনুযায়ী, আগে হাই-টেক পার্কের টাইপ-এ প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই শুধুমাত্র বৈদেশিক মুদ্রার হিসাব থেকে অর্থ পাঠাতে পারত।

এই সুবিধার আওতায় নতুন প্রকল্পের জন্য আমদানিকৃত যন্ত্রপাতির মূল্যের সর্বোচ্চ ৬ শতাংশ এবং চালু থাকা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আগের বছরের বিক্রয়ের ওপর ঘোষিত সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত অর্থ বিদেশে পাঠানোর সুযোগ রয়েছে। তবে নতুন নির্দেশনায় ব্যাংকগুলোকে কিছু শর্ত পরিপালন করতে বলা হয়েছে। অর্থ পাঠানোর আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বৈদেশিক মুদ্রায় কোনো আয় বা অর্থের উৎস নেই—তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি যথাযথভাবে আয়কর ও মূল্য সংযোজন কর কেটে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে কি না, তা যাচাই করা ব্যাংকগুলোর দায়িত্ব।

সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সীমার অতিরিক্ত অর্থ পাঠানো বা অন্য কোনো বৈধ ব্যয়ের ক্ষেত্রে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে হবে। এছাড়া বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭-এর ৩(৪) ধারা অনুসরণসহ গ্রাহক যাচাই এবং অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসংক্রান্ত বিধানগুলো কঠোরভাবে পরিপালনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin