Facebook Twitter Instagram YouTube

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুই তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৮:২৪ পূর্বাহ্ণ /
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুই তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন

হরমুজ প্রণালির দক্ষিণ অংশে মাইন বিস্ফোরণে দুটি তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, এই বিস্ফোরণের ফলে জাহাজ দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, নিজেদের জলসীমার নিয়ন্ত্রণ বজায় রাখার অংশ হিসেবে হরমুজ প্রণালিতে থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজে হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের নৌবাহিনী।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ভুল নির্দেশনায় বিভ্রান্ত হয়ে ট্যাঙ্কার দুটি হরমুজ প্রণালির দক্ষিণাংশের মাইনক্ষেত্র দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেখানে মাইন বা নৌ-বোমার আঘাতে জাহাজ দুটিতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। তবে এই এলিট বাহিনীটি জাহাজ দুটির নাম, মালিকানা বা নাবিকদের হতাহতের বিষয়ে কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করেনি।

আইআরজিসি নৌবাহিনী দাবি করেছে, উক্ত মাইনক্ষেত্রে প্রবেশের আগে ট্যাঙ্কার দুটিকে বারবার সতর্কবার্তা দেওয়া হলেও তারা তা উপেক্ষা করেছে। তারা নাবিকদের নিজেদের জীবন ও সম্পদ রক্ষার্থে আমেরিকার ছড়ানো বিভ্রান্তি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। এই ঘটনার পর হরমুজ প্রণালিকে ‘অত্যন্ত অনিরাপদ’ আখ্যা দিয়ে আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে যে, ওই অঞ্চলে মার্কিন সামরিক অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত তেল, গ্যাস বা রাসায়নিক সার রফতানির কোনো জাহাজকে এই পথ দিয়ে যেতে দেওয়া হবে না।

উল্লেখ্য, মার্কিন বাহিনী টানা সপ্তম রাতের মতো ইরানে ব্যাপক বিমান হামলা ও বোমাবর্ষণ করার পরই এই মাইন বিস্ফোরণের ঘটনাটি সামনে এল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh