Facebook Twitter Instagram YouTube

মেসির বাবার শেষ বিদায় অনুষ্ঠানে ড্রোন ওড়ানোয় সাংবাদিক আটক


প্রকাশের সময় : আগস্ট ১১, ২০২৬, ৯:১০ পূর্বাহ্ণ /
মেসির বাবার শেষ বিদায় অনুষ্ঠানে ড্রোন ওড়ানোয় সাংবাদিক আটক

আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসির প্রয়াণে শোকাতুর পরিবেশে যখন গোটা শহর স্তব্ধ, ঠিক তখনই রোসারিও বিমানবন্দরে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে। সংবাদমাধ্যম 'লা ক্যাপিটাল'-এর প্রতিবেদনে বলা হয়েছে, হোর্হে মেসির শেষ বিদায়ের মুহূর্তগুলো আকাশ থেকে ধারণ করতে গিয়ে বিমানবন্দরের আকাশসীমায় ড্রোন প্রবেশ করান এক সংবাদকর্মী। ফলে একটি যাত্রীবাহী বিমানের উড্ডয়ন বিলম্বিত হয় এবং নিরাপত্তাঝুঁকি তৈরি হওয়ায় ওই ড্রোন পাইলটকে আটক করা হয়।

লা ক্যাপিটালের তথ্য অনুযায়ী, আটক হওয়া ব্যক্তি 'লা নেশন+' (La Nación+) নিউজ টিমের সদস্য। বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় অনুমতি ছাড়া ড্রোন ওড়ানোর ফলে রানওয়েতে উড্ডয়নের অপেক্ষায় থাকা একটি যাত্রীবাহী বিমানের যাত্রা স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দর নিরাপত্তা পুলিশ (পিএসএ) দ্রুত পদক্ষেপ নিয়ে বিমানবন্দরের চারপাশ থেকে ওই পাইলটকে আটক করে এবং তার ব্যবহৃত ড্রোন ও সরঞ্জাম বাজেয়াপ্ত করে।

লিওনেল মেসির পরিবারের পক্ষ থেকে আগে থেকেই ব্যক্তিগত শোকের এই মুহূর্তে গোপনীয়তা বজায় রাখার এবং ড্রোন ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছিল। বিশেষ করে 'এল প্রাডো' (El Prado) প্রাইভেট সিমেট্রি এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ ছিল। লা ক্যাপিটাল জানিয়েছে, রোববার সকাল থেকেই 'LN+', 'TN' এবং 'C5N'-এর মতো সংবাদমাধ্যমগুলোর ড্রোন ওই এলাকায় দেখা যাচ্ছিল, যা শোকাতুর পরিবারের একান্ত ব্যক্তিগত মুহূর্তগুলোকে ব্যাহত করছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh