Facebook Twitter Instagram YouTube

আইসিসির নতুন বিশ্বকাপ কাঠামোয় ক্ষুব্ধ স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস


প্রকাশের সময় : আগস্ট ১১, ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ /
আইসিসির নতুন বিশ্বকাপ কাঠামোয় ক্ষুব্ধ স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস

২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের এখনো প্রায় ১৮ মাস বাকি থাকলেও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি টুর্নামেন্টের কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনেছে। এই আকস্মিক সিদ্ধান্তের প্রতিবাদে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড যৌথভাবে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে।

আইসিসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বিশ্বকাপে 'সুপার সিরিজ' নামে একটি নতুন পর্ব যুক্ত করা হয়েছে। এই পর্বে র‌্যাংকিংয়ের ১২, ১৩ ও ১৪ নম্বর দল একে অপরের মুখোমুখি হবে এবং সেখান থেকে শীর্ষ দলটি পরের রাউন্ডে খেলার সুযোগ পাবে। পরবর্তীতে ১২টি দলকে দুটি গ্রুপে বিভক্ত করা হবে।

এই পরিবর্তনের বিষয়ে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস তাদের বিবৃতিতে জানিয়েছে যে, এটি সহযোগী সদস্য দেশগুলোর জন্য একটি বড় ধাক্কা। তাদের মতে, বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসারে সাম্প্রতিক যে অগ্রগতি হয়েছে, এই সিদ্ধান্ত তা ব্যাহত করতে পারে। যখন ক্রিকেট তার পরিধি বাড়ানোর চেষ্টা করছে এবং নতুন দর্শক টানতে চাইছে, তখন সহযোগী দেশগুলোর সুযোগ কমিয়ে দেওয়াকে একটি ভুল বার্তা হিসেবে দেখছে বোর্ড দুটি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তারা আইসিসি এবং অন্যান্য সদস্যদের সঙ্গে বিশ্ব ক্রিকেটের উন্নয়নে গঠনমূলকভাবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ, কিন্তু এই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। টুর্নামেন্ট শুরুর ১৮ মাসেরও কম সময় আগে বাছাইপর্বের মাঝামাঝি সময়ে এমন কাঠামো পরিবর্তন চরম অনিশ্চয়তা তৈরি করেছে। এটি সীমিত সম্পদের ওপর নির্ভরশীল সংস্থাগুলোর জন্য পরিচালনাগত ও আর্থিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ হলো দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh