Facebook Twitter Instagram YouTube

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ৮:২১ পূর্বাহ্ণ / ০
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর জীবনে এল নতুন অধ্যায়। দীর্ঘ তিন বছরের অপেক্ষার পর অবশেষে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড হাতে পেয়েছেন এই তারকা। গ্রিন কার্ড প্রাপ্তির এই সুখবরটি নিজেই নিশ্চিত করেছেন তিনি।

২০২৩ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মৌসুমী। এরপর থেকে সেখানেই বসবাস করছেন তিনি। দেশটিতে অবস্থানকালে নিজের মেয়ে ফাইজার পড়াশোনার পাশাপাশি অসুস্থ মায়ের চিকিৎসার বিষয়টি নিয়মিত দেখভাল করছিলেন এই অভিনেত্রী। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকলেও সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড লাভের ফলে দেশটিতে স্থায়ীভাবে বসবাস এবং কাজ করার আইনি অনুমতি পেলেন মৌসুমী। এর ফলে সেখানে স্থায়ী বাসিন্দা হিসেবে থাকা এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের পথ আরও সহজ ও সুগম হলো।

দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন মৌসুমী। চলচ্চিত্রে তার অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ব্যক্তিজীবন ও কর্মজীবনের নানা কারণে নিয়মিত আলোচনায় থাকা এই অভিনেত্রীর গ্রিন কার্ড পাওয়ার খবরটি তার ভক্তদের মধ্যেও নতুন করে আগ্রহ তৈরি করবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy