
মডেলিং ও অভিনয়ের ব্যস্ততার মাঝেও নাচের প্রতি নিজের অদম্য ভালোবাসা থেকে নতুন এক উদ্যোগ নিয়েছেন জনপ্রিয় শিল্পী তাশদিক নমিরা আহমেদ। রাজধানীর ধানমন্ডিতে তিনি প্রতিষ্ঠা করতে যাচ্ছেন নিজস্ব নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র, যার নাম রাখা হয়েছে ‘ঘুঙরু ড্যান্স একাডেমি বাই নমিরা’। এই একাডেমিতে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের জন্য পেশাদার নৃত্য প্রশিক্ষণের সুযোগ থাকছে।
২০১১ সালে 'ভিট-চ্যানেল আই টপ মডেল' প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন নমিরা। অভিনয়ের পাশাপাশি তিনি দীর্ঘ সময় বুলবুল ললিতকলা একাডেমিতে (বাফা) শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই দীর্ঘদিনের অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই তিনি নিজের এই স্বতন্ত্র প্রতিষ্ঠানটি গড়ে তুলছেন।
আগামী মাস থেকে এই একাডেমিতে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে ভর্তির নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রটিতে ক্লাসিক্যাল নাচের পাশাপাশি মডার্ন, ফোক ও ফিউশনসহ বিভিন্ন ধারার নাচের তালিম দেওয়া হবে। এছাড়া প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমে সনদপত্র প্রদানের ব্যবস্থাও রাখা হয়েছে। নমিরা আশা করছেন, তাঁর এই একাডেমি নতুন প্রজন্মের সুপ্ত প্রতিভার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একাডেমির নিয়মিত ক্লাসগুলো সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :