Facebook Twitter Instagram YouTube

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মাঝেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম হ্রাস


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ /
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মাঝেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম হ্রাস

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। মধ্যপ্রাচ্য থেকে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক থাকায় সরবরাহ ব্যবস্থা নিয়ে তৈরি হওয়া তাৎক্ষণিক উদ্বেগ অনেকটাই কমে এসেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় ১টা পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ৮৯ দশমিক ৪৫ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৫৬ সেন্ট বা ০ দশমিক ৬৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে।

এর আগের কার্যদিবসে তেলের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গিয়েছিল। সেদিন ব্রেন্ট ক্রুডের দাম ৭ দশমিক ৯১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৬ দশমিক ৫৬ শতাংশ বেড়েছিল, যা চলমান সংঘাতের সময় অন্যতম বড় মূল্যবৃদ্ধির ঘটনা। এর আগে মঙ্গলবার পাঁচ মাস ধরে চলা সংঘাতের মধ্যে সাময়িক বিরতির কারণে তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে গিয়েছিল।

এদিকে, ইরানের অভ্যন্তরে বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে রাতভর বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। প্রেস টিভির তথ্যমতে, মার্কিন সময় বুধবার (২৯ জুলাই) রাত ৮টায় এই হামলা শুরু হয়। পরবর্তীতে ইরানের দক্ষিণাঞ্চলীয় একাধিক প্রদেশ ও দ্বীপে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor