Facebook Twitter Instagram YouTube

বিয়ে নিয়ে ছড়ানো গুঞ্জনের জবাব দিলেন চিত্রনায়িকা পূজা চেরী


প্রকাশের সময় : আগস্ট ১৮, ২০২৬, ২:৩০ অপরাহ্ণ /
বিয়ে নিয়ে ছড়ানো গুঞ্জনের জবাব দিলেন চিত্রনায়িকা পূজা চেরী

বিনোদন অঙ্গনে বেশ কিছুদিন ধরেই চিত্রনায়িকা পূজা চেরীর বিয়ে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। দেশের এক ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ে হতে যাচ্ছে, এমনকি কোথাও কোথাও তাদের বিয়ে হয়ে গেছে বলেও দাবি করা হয়েছিল। এতদিন চুপ থাকলেও অবশেষে সোমবার রাতে নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই চিত্রনায়িকা। পূজা স্পষ্টভাবে জানিয়েছেন, তার এখনো বিয়ে হয়নি।

নিজের ফেসবুক পোস্টে পূজা চেরী লিখেছেন, গত কিছুদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনও কোনো নির্দিষ্ট পেশার ব্যক্তির সঙ্গে, আবার কখনও অন্য কারো সঙ্গে নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিউজ তৈরি করা হচ্ছে, যা তার জন্য অত্যন্ত বিব্রতকর ও দুঃখজনক।

পূজা আরও উল্লেখ করেন, তিনি আগেই একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি এনগেজড এবং পারিবারিকভাবেই তার বিয়ে ঠিক করা হয়েছে। তবে তার বাগদত্তার পরিচয় তিনি প্রকাশ করেননি। অভিনেত্রী নিশ্চিত করেছেন, যখনই তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, তিনি নিজেই আনন্দের সঙ্গে সবাইকে জানাবেন। লুকানোর কিছু নেই বলেও তিনি জানিয়েছেন।

বারবার তথ্য যাচাই না করে তাকে জড়িয়ে সংবাদ প্রকাশের বিষয়টি ভালো চোখে দেখেননি পূজা। তিনি তার পোস্টে ব্যক্তিগত গোপনীয়তা ও আইনি অধিকারের প্রসঙ্গ তুলে ধরেন। পূজা বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার উল্লেখ করে জানান, ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ এবং ভিত্তিহীন তথ্য প্রচার আইনত দণ্ডনীয়। তিনি সতর্ক করে লিখেছেন, তার নীরবতাকে কেউ যদি ভিত্তিহীন সংবাদের সুযোগ বানায়, তবে তিনি নিজের আইনি অধিকার রক্ষায় বাধ্য হবেন।

সবশেষে পূজা গণমাধ্যমকর্মীদের প্রতি বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের আহ্বান জানিয়েছেন। তিনি জানান, গণমাধ্যমের সহযোগিতা ও মানুষের ভালোবাসার প্রতি তার পূর্ণ সম্মান রয়েছে। উল্লেখ্য, পূজা চেরী পোড়ামন ২ সিনেমার মাধ্যমে পরিচিতি পান। এরপর দহন, নূর জাহান, শান, গলুই, হৃদিতা, জ্বীন ও লিপস্টিকসহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy