Facebook Twitter Instagram YouTube

নিরাপত্তার নিশ্চয়তা পেলে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক


প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৮:৪৭ পূর্বাহ্ণ /
নিরাপত্তার নিশ্চয়তা পেলে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আন্দোলনের অংশ হিসেবে অনশনরত পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক জানিয়েছেন, সরকার যদি আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক বা প্রতিহিংসামূলক আইনি ব্যবস্থা না নেওয়ার দ্ব্যর্থহীন নিশ্চয়তা দেয়, তবেই তিনি তার অনশন ভাঙতে প্রস্তুত। অন্যথায়, এই নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন বলে বুধবার জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও জবাবদিহির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে সোচ্চার ওয়াংচুক কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের কাছে একটি চিঠি পাঠিয়ে তার এই দাবির কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া তরুণদের সুরক্ষা ও আইনি নিশ্চয়তা পাওয়া তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াংচুক পুনরায় শিক্ষার্থীদের পাঠদানের কাজে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, তবে তার অনশন ভাঙার বিষয়টি পুরোপুরি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের অনশন ২২ জুলাই ২৫তম দিনে পৌঁছেছে। এর আগে প্রায় তিন সপ্তাহ তিনি দিল্লির যন্তর মন্তরে অবস্থান করলেও পরবর্তী সময়ে পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে নেয়। বর্তমানে তিনি দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনশন অব্যাহত রেখেছেন।

উল্লেখ্য, গত সোমবার ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে সিজেপির ‘চলো সংসদ’ কর্মসূচিতে অংশ নিতে হাজারো মানুষ যন্তর মন্তরে জড়ো হয়েছিলেন। সে সময় সংসদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টাকালে পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এদিকে এই কর্মসূচিতে পুলিশের বলপ্রয়োগের অভিযোগ তুলে দিল্লি হাইকোর্টে দুটি আবেদন দায়ের করা হয়েছে। আদালত কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশের কাছে এ বিষয়ে জবাব চেয়ে আগামী ১১ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন এখনো চলমান রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy